বাংলাদেশ ফুটবল লীগে এবারের মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাদার্স ইউনিয়ন। অবশেষে পঞ্চম ম্যাচে শক্তিশালী আবাহনীকে হারিয়ে জয়ের খাতা খুলেছিল গোপীবাগের দলটি। সেই জয়ের ধারাবাহিকতা গতকালও ধরে রাখলো ব্রাদার্স। চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে তুলে নিয়েছে দারুণ এক জয়। অন্যদিকে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সিটি ক্লাব। শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডিকে ৩-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা।
সিটির হয়ে একটি করে গোল করেন সাজেদ নিঝুম, সলোমন কিং ও তানভীর হোসেন। পিডব্লিউডির জার্সিতে গোল করেন ফ্লয়েড রুচেলি উলরিখ বালোকি ও এমভিডা ইয়োহান। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। জোড়া গোল করেন সাঈদ রেজা, অন্য গোলটি জয়ের। চট্টগ্রামের হয়ে এক গোল পরিশোধ করেন জাফল ইকবাল। আবাহনী ও ফর্টিস এফসিকে টপকে গোপীবাগের ব্রাদার্স উঠে গেছে পয়েন্ট টেবিলের ছয়ে। ছয় ম্যাচে তাদের সংগ্রহ আট পয়েন্ট। পয়েন্ট টেবিলের সবার ওপরে বাংলাদেশ পুলিশ এফসি। ছয় ম্যাচে দলটির ঝুলিতে ১৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বসুন্ধরা কিংস।
এদিন গাজীপুরে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার থেকে গোল আদায় করে নেয় পিডব্লিউডি। দূরের পোস্টে থাকা জামান ডিফেন্ডার ফ্লয়েড বালোকি প্রথমে বুক দিয়ে বল মাটিতে নামান। এরপর আলতো টোকায় গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় সিটি ক্লাব। অষ্টম মিনিটে সুযোগও আসে তাদের সামনে। ফ্রি-কিক থেকে ক্রস পেয়ে ছোট বক্সে বল পান ওকাফর। কিন্তু অবিশ্বাস্যভাবে গোল করতে ব্যর্থ হন তিনি। দুই মিনিট পর আর ভুল করেননি সাজেদ হাসান নিঝুম। ডান দিক দিয়ে কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস দেন খাইরুল ইসলাম। বল মাটিতে নামানোর পর ডিফেন্ডার রাতুল ও গোলকিপার সাজুকে বোকা বানিয়ে দূরের পোস্টে বল ঠেলে দেন সিটির ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে সাজিদকে বক্সের পেছন থেকে টেনে ফেলে দেন পিডব্লিউডির ডিফেন্ডার সবিনুর রশিদ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোলকিপারকে উল্টো দিকে পাঠিয়ে সিটির ব্যবধান ২-১ করেন সলোমন কিং। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে নিঝুমের সামনে।
কর্নারের পর দরবোয়াজের হেড গোলমুখের সামনে বল পেয়ে যান নিঝুম। কিন্তু টোকায় গোল করতে গিয়ে পোস্টের ওপর দিয়ে উড়িয়ে দেন সিটির ফরোয়ার্ড। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিডব্লিউডি। ৭৪তম মিনিটে বক্সে সাব্বির হোসেনের পায়ে আঘাত করেন সিটির ডিফেন্ডার তানভীর হোসেন। পেনাল্টি পায় পিডব্লিউডি। এরপর স্পটকিক নিতে এসে এমভিডা ইয়োহান গোলকিপার ইশহাক আকন্দকে বাম দিকে ফেলে ঠান্ডা মাথায় গোল করেন। ম্যাচে তখন ২-২ সমতা। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেওয়ার সুযোগ আসে ওকাফরের সামনে। তবে তার শট গোলকিপারের শরীরে লেগে ফিরে আসে। পরের মিনিটেই ফের সুযোগ পেয়ে আর ভুল করেননি তানভীর হোসেন। ফ্রি-কিক থেকে পিডব্লিউডি গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বল নিচু শটে জালে জড়িয়ে সিটির ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তানভীর।
