সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সেই টুর্নামেন্টে দলের বিদায়ের হতাশার মাঝেও দেশের ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তার একক নৈপুণ্যের গোলটি এখনো সমর্থকদের চোখে লেগে থাকার কথা। তবে মাঠের সেই ঝলকের পেছনে অধিনায়ক হামজা চৌধুরীর বড় ভূমিকার কথা জানালেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ। সমপ্রতি ‘ন্যাশনাল লীগ অন ডিএজেডএন’-কে দেয়া এক সাক্ষাৎকারে হামজাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ফারহান। ২৮ বছর বয়সী শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডারকে নিয়ে তিনি বলেন, ‘দলে হামজার মতো একজনকে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। মাঠ এবং মাঠের বাইরে তিনি এক অনুপ্রেরণা।’
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ফারহান আলী ওয়াহিদের। এরপর থেকে লাল-সবুজের জার্সিতে এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৯ বছর বয়সী এই প্রতিভাবান ফরোয়ার্ড। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পর সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন তিনি। এই চার ম্যাচের
ক্যারিয়ারে ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ দুটি গোল করেছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ। ম্যাচে পজিশনিং ও আক্রমণের সঠিক জায়গা খুঁজে নেয়ার মতো সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে হামজা নিয়মিত তাকে দিকনির্দেশনা দেন। ফারহানের বলেন, ‘তিনি সত্যিই দারুণ একজন মানুষ। মাঠে কীভাবে খেলতে হবে, পজিশনিং কেমন হবে কিংবা আমি যা করতে চাই তার জন্য সঠিক জায়গা কোনটি-সব বিষয়েই তিনি সব সময় আমাকে পরামর্শ দিতে আগ্রহী থাকেন। তার কাছ থেকে শিখতে পারাটা সত্যিই দারুণ।’ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের গোলের পর হামজা বিস্ময়ে মুখ হা করেছিলেন। দুই হাত ওপরে তুলে উচ্ছ্বাস প্রকাশের পর ছুটে গিয়ে ১৯ বছর বয়সী সতীর্থের কাঁধে হাত রাখেন। শুধু ফারহানই নন, শেষ বাঁশির পর ফাহমেদুল ইসলাম ও জায়ান আহমেদের সঙ্গে উদযাপন করতে দেখা গেছে হামজাকে।
