করাচিতে ভবনধসে নিহত ৯

করাচিতে ভবনধসে নিহত ৯

ফন্ট সাইজ:

করাচির অ্যাডমিন সোসাইটি এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। আজ শনিবার ভোরে ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উদ্ধার হওয়া সর্বশেষ ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে রেসকিউ ১১২২। তার নাম ৩০ বছর বয়সী মুহাম্মদ আলী। বুধবার করাচির বেলুচ কলোনির কাছে ভবনটি ধসে পড়ে। এরপর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়।

এর আগে প্রায় দুই দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর এক মার্বেলশ্রমিককে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। ভবনধসের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও ৯ জন আটকে থাকতে পারেন। আধুনিক সরঞ্জামের সহায়তায় তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে, যাতে সেখানে আটকে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়। আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ভবনধসের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ এবং ১৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।