মিশরের অন্যতম শীর্ষস্থানীয় সাংবাদিক লিনা আতাল্লাহ কারাদণ্ডের মুখোমুখি। তিনি যে সংবাদমাধ্যমটি পরিচালনা করেন, আদালত তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তার হাতে গড়ে ওঠা বেশ কয়েকজন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের অভিযোগ, কারাগারে তাদের নির্যাতন করা হয়েছে। তবুও আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরে স্বাধীন সংবাদমাধ্যমের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামের প্রতীক হয়ে ওঠা এই নারী মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আশা হারাননি। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক টাইমস।
৪৪ বছর বয়সী আতাল্লাহ কায়রোর একটি শান্ত, মনোরম বাগানঘেরা ভিলায় সাক্ষাৎকার দেয়ার সময় বলেন, সেখানে তার পরিচালিত সংবাদমাধ্যম ‘মাদা মাসর’-এর কার্যালয়। তিনি বলেন, আমরা এক উন্মাদনায় ভরা সময়ের মধ্যে বসবাস করছি। এ অবস্থা শুধু এখানে নয়, কোনো কোনো দিক থেকে এটি বিশ্বজুড়েই উন্মাদনার সময়। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করতে চাই, এই উন্মাদনার মধ্যেও সবকিছু বন্ধ করে না দেয়া এবং মতপ্রকাশের পরিসর পুরোপুরি সংকুচিত না করার মতো যথেষ্ট প্রজ্ঞা মানুষের মধ্যে রয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর মতে, মিশরে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর দমনপীড়ন ক্রমেই তীব্র হচ্ছে। ফলে স্বাধীন সাংবাদিকতার জন্য আগে থেকেই সীমিত থাকা পরিসর আরও সংকুচিত হয়ে পড়ছে। এই লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন আতাল্লাহ। গত মাসে মাত্র এক দিনের বিচার শেষে একটি আদালত মাদা মাসর বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে অনুমোদনহীন ওয়েবসাইট পরিচালনার অভিযোগে সংবাদমাধ্যমটিকে ৩০ লাখ মিশরীয় পাউন্ড জরিমানা করেন, যা প্রায় ৫৩ হাজার ৪০০ ডলারের সমান।
মাদা মাসর জানিয়েছে, তারা ওয়েবসাইট পরিচালনার লাইসেন্স পাওয়ার জন্য বারবার আবেদন করেছে। কিন্তু তাদের আবেদনগুলো প্রত্যাখ্যান করা হয়েছে অথবা সেগুলোর কোনো জবাব দেয়া হয়নি।
