রোববার নির্বাচনের আগে স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা তাদের শেষ নির্বাচনী সমাবেশ করেছেন। এ সময় সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, জনমত জরিপের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সমর্থকদের সঙ্গে সেলফি তোলার সময় লাল টি-শার্ট পরা সানচেজ বলেন, আমরা হেরে যাব, এটা কল্পনাও করতে পারি না। তিনি তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী আলবার্তো নুনিয়েজ ফেইহোর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি কট্টর ডানপন্থী দলের সঙ্গে জোট সরকার গঠনের পরিকল্পনা করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ফেইহোর নেতৃত্বাধীন পিপলস পার্টি (পিপি) জনমত জরিপে সামান্য ব্যবধানে এগিয়ে আছে। নির্বাচনী প্রচারের শেষ কয়েক ঘণ্টায় তিনি প্রথমে বার্সেলোনা এবং পরে সেভিলে যান। সেখানে তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন, দেশকে ‘সত্য, শালীনতা ও সুশাসনের’ এক নতুন রাজনৈতিক যুগে নিয়ে যাবেন। তিনি সানচেজের বিরুদ্ধে দুর্নীতি, রেল দুর্ঘটনা, অভিবাসন এবং জাতীয় ঋণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন। সমাজতান্ত্রিক নেতা সানচেজ ইউরোপের হাতেগোনা কয়েকটি বামপন্থি সরকারের একটির নেতৃত্ব দিচ্ছেন। আর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন পাঁচ মাস পর হওয়ার কথা থাকায় আশঙ্কা তৈরি হয়েছে, ইউরোপের বৃহত্তম অর্থনীতিগুলোর মধ্যে দুটি দেশ অল্প সময়ের ব্যবধানে ডানপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে। স্পেনে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষের ভোটাধিকার আছে।
বিশ্লেষকরা ভোটার উপস্থিতি বেশি হওয়ার প্রত্যাশা করলেও বেশির ভাগ জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। স্পেনের নির্বাচনী আইন অনুযায়ী, সোমবারের পর থেকে কোনো জনমত জরিপ প্রকাশ করা হয়নি। পিপির সমর্থকদের উদ্দেশে ফেইহো বলেন, এবার, হ্যাঁ, আমরা জিততে যাচ্ছি। তিন বছর আগে সর্বাধিক আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। এবার সরকার গঠন করতে পারলে অভিবাসনবিরোধী দল ভক্সের সমর্থন নিতে হবে তাকে। দলটির নেতৃত্বে রয়েছেন সান্তিয়াগো আবাসকাল। স্পেনের পূর্ব উপকূলের ভ্যালেন্সিয়া শহরের একটি ষাঁড়ের লড়াইয়ের ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে ভক্স তাদের শেষ নির্বাচনী সমাবেশ করেন। ময়দানটি স্পেনের জাতীয় পতাকা এবং ভক্সের সবুজ ব্যানারে ভরে যায়। সমাবেশে সবচেয়ে বেশি করতালি পড়ে যখন দলের মহাসচিব বলেন, বোরকা কম চাই, হালালও কম চাই।
ইগনাসিও গারিগা বলেন, তিনি ঘৃণা থেকে নয়, বরং মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকেই এমন কথা বলছেন। সমাবেশে উপস্থিত জনতার একটি ছোট অংশকে স্বৈরশাসক ফ্রান্সোর সমর্থনে ‘ভিভা ফ্রাঙ্কো’ (ফ্রাঙ্কো দীর্ঘজীবী হোন) স্লোগান দিতেও শোনা যায়। ১৯৭৫ সালে ফ্রান্সোর মৃত্যুর মধ্য দিয়ে স্পেনে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সমাবেশে উপস্থিত বেশ কয়েকজন প্রথমবারের ভোটার জানান, অভিবাসন বিষয়ে দলটির নীতির কারণে তারা ভক্সকে সমর্থন করছেন। ১৮ বছর বয়সী লেদো বলেন, গ্রীষ্মকালে মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনের ভূখণ্ড সেউতায় প্রবেশ করার ঘটনা প্রমাণ করে, সানচেজ দেশের সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি তার মা ও খালা কার্লি চিলেতের সঙ্গে সমাবেশে এসেছিলেন। তার খালার দাবি, নারীর অধিকারের জন্য ভক্সই সবচেয়ে উপযুক্ত দল।
