মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে দরপতনের পর তেলের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে কুয়েত, সৌদি আরব ও হরমুজ প্রণালিকে ঘিরে ধারাবাহিক হামলার ঘটনা।
শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে জানুয়ারিতে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের আগাম চুক্তির দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে দাম ছিল মধ্যবর্তী নির্বাচনের সপ্তাহের পর সর্বোচ্চ পর্যায়ে। চলতি সপ্তাহে দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। এতে চলতি মাসে প্রথমবারের মতো সাপ্তাহিক দরবৃদ্ধির পথে রয়েছে আন্তর্জাতিক বাজারের এই প্রধান তেল সূচক।
তবে ইরানকে কেন্দ্র করে যুদ্ধের বিভিন্ন পর্যায়ে তেলের দাম যে প্রায় ১২০ ডলারে উঠেছিল, বর্তমান দর এখনো তার চেয়ে অনেক কম। চলতি সপ্তাহের শুরুতে দাম ৯০ ডলারের নিচে নেমে যাওয়ার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দাম কমছিল। এর একটি কারণ ছিল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান আরও জোরদার করা থেকে বিরত ছিলেন। এ ছাড়া ট্যাংকারে হামলার ঘটনা সত্ত্বেও অঞ্চলটি থেকে তেল সরবরাহ বেড়েছে এবং বিশ্বজুড়ে তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার ঢেউ তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
কুয়েত ও সৌদিতে একের পর এক হামলা
বৃহস্পতিবার কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। নিহত দুজন জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার হয়ে কাজ করা প্রযুক্তিবিদ ছিলেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিকও আহত হয়েছেন। তবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে পরপর দুটি সৌদি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বুধবার গোষ্ঠীটি সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে। এর পরদিন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্র।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় নেপালের এক কর্মী নিহত হয়েছেন। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয়।
এ সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর থাকা একটি বহুতল ভবনেও কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এতে ১১ জন আহত হয়েছেন।
হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোতেও ইরানের হামলা অব্যাহত রয়েছে। সিএনএনের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্যের ভিত্তিতে নভেম্বরে এ পর্যন্ত প্রায় দুই ডজন হামলার খবর পাওয়া গেছে। গত অক্টোবরে ৩০টি হামলার যে রেকর্ড হয়েছিল, চলতি মাসের সংখ্যা তার কাছাকাছি পৌঁছাচ্ছে।
জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় ৫৫ শতাংশে নেমে এসেছে। হামলাগুলো যে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে প্রভাব ফেলছে, এ তথ্য তারই ইঙ্গিত দিচ্ছে।
অনলাইন ব্রোকারেজ প্রতিষ্ঠান এক্সটিবির গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস শুক্রবার এক নোটে লিখেছেন, “এসব হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে, বর্তমান পরিস্থিতি কতটা অস্থিতিশীল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি এখনো অধরা।”
তিনি আরও বলেন, “বাজারের দৃষ্টিকোণ থেকে তেলের দাম দীর্ঘ সময় ধরে বাড়তে থাকলে আজকের এআইনির্ভর শেয়ারবাজারের উত্থানের গতি কমে যেতে পারে।”
শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের আগাম সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। সপ্তাহের শুরুতে প্রযুক্তি খাতের শেয়ারে অস্থির লেনদেনের পর নাসডাক-১০০ সূচকের আগাম চুক্তির দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
ওপেক প্লাসের বৈঠক রোববার
ব্রেন্টের সামনের মাসের সরবরাহভিত্তিক আগাম চুক্তি এবং বহুল পর্যবেক্ষণ করা ধারাবাহিক ব্রেন্ট চুক্তির দামের মধ্যে পার্থক্য রয়েছে। শুক্রবার ধারাবাহিক ব্রেন্ট চুক্তির দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলার।
এই ব্যবধানের কারণ হলো, সামনের মাসের চুক্তি সরাসরি বাজারে সরবরাহযোগ্য তেলের দামের সঙ্গে বেশি সম্পর্কিত। এর তুলনামূলক বেশি দাম ইঙ্গিত করছে, শোধনাগারগুলো সরবরাহ নিশ্চিত করতে তৎপর হওয়ায় নিকট ভবিষ্যতের অপরিশোধিত তেলের চাহিদা বেড়েছে।
এদিকে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং তাদের মিত্র দেশগুলো—যাদের সম্মিলিতভাবে ওপেক প্লাস বলা হয়—রোববার বৈঠকে বসছে।
সদস্য দেশগুলোর উৎপাদন কোটা নির্ধারণে সংগঠনটি প্রতি মাসে বৈঠক করে। সেপ্টেম্বর থেকে তেল উৎপাদন অপরিবর্তিত রেখেছে তারা। এর আগে টানা ছয়বার উৎপাদন বাড়ানো হয়েছিল।
আইএনজি ব্যাংকের বিশ্লেষকেরা জানিয়েছেন, জানুয়ারি পর্যন্ত বর্তমান উৎপাদন কোটা অপরিবর্তিত রাখার বিষয়টি বিবেচনা করতে পারে ওপেক প্লাস। তবে কয়েকটি সদস্য দেশ উৎপাদন কোটা বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তার মধ্যে ওপেক প্লাসের সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
