সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা, নেপথ্যে কী?

সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা, নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এখন সবচেয়ে চাহিদাসম্পন্ন আবাসনগুলোর বেশিরভাগই শত বছরের বেশি পুরোনো। তবে সেগুলোর বিশেষত্ব শুধু ঐতিহাসিক স্থাপত্য নয়, কঠোর নিরাপত্তাব্যবস্থা ও ব্যক্তিগত গোপনীয়তা। প্রবেশপথে নিয়ন্ত্রিত ফটক, চারপাশে নিরাপত্তাবেষ্টনী-রাজধানীর সাধারণ জনজীবন থেকে কার্যত বিচ্ছিন্ন এসব বাড়ি।
সেনাবাহিনীর জেনারেল ও শীর্ষ কর্মকর্তাদের থাকার জন্য তৈরি এসব আবাসনে এখন বসবাস করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। তাদের দাবি, শহরের অন্য যেকোনো জায়গার তুলনায় এসব সামরিক আবাসনে তারা বেশি নিরাপদ বোধ করেন।
ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন সদস্য এখন ওয়াশিংটনের সামরিক আবাসনে থাকছেন। অতীতের প্রেসিডেন্টদের আমলে জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের এমন আবাসনে বসবাস করা ছিল বিরল ঘটনা। ফলে বর্তমান পরিস্থিতিকে ঐতিহাসিকভাবে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি প্রতিপক্ষের নতুন হুমকির মধ্যে এই প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিএনএনের এক প্রতিবেদনে এ মাসে বলা হয়, ইরান ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা তৈরি করছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে রিপাবলিকান কিংবা ডেমোক্রেট-যে দলের সরকারই ক্ষমতায় আসুক, শীর্ষ কর্মকর্তাদের সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনে থাকার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তবে এতে হারিয়ে যাচ্ছে একটি গণতান্ত্রিক ঐতিহ্য-বেসামরিক রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষের সঙ্গে একই এলাকায় বসবাসের রীতি।

ট্রাম্প যখন ওয়াশিংটনে নিজের ছাপ রাখতে নানা উদ্যোগ নিচ্ছেন-শহরকে অনিরাপদ আখ্যা দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ এবং একটি সরকারি গলফ কোর্সের পুনর্গঠন-তখন তার প্রশাসনের কর্মকর্তারা আগের যেকোনো প্রশাসনের তুলনায় রাজধানীর জনজীবন থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, ‘এ ধরনের দায়িত্বে থাকলে তারা এমনিতেই একধরনের নিরাপত্তাবেষ্টিত জগতে বসবাস করেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী থাকে। এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠান কিংবা বাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন আরও বড় বিষয় হলো, তারা আমাদের মতো সাধারণ মানুষের বসবাসের এলাকায়ও থাকছেন না।’

তিনি আরও বলেন, ‘এতে জনসেবায় নিয়োজিত কর্মকর্তাদের বিচ্ছিন্নতা আরও বাড়ছে, যা অত্যন্ত দুঃখজনক।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা অবশ্য ওয়াশিংটনে অপরাধ কমে আসার কথা তুলে ধরে বলেছেন, নিরাপত্তার সুনির্দিষ্ট হুমকির কারণে মন্ত্রিসভার অনেক সদস্য শহরের সাধারণ আবাসনে থাকতে পারছেন না। তবে রাজধানীকে ‘নিরাপদ ও সুন্দর’ করে তুলতে প্রশাসনের প্রচেষ্টায় তারা ব্যক্তিগতভাবেও অবদান রেখেছেন।
তারপরও এসব আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেট দলের কয়েকজন আইনপ্রণেতা। সামরিক আবাসনে বসবাসরত রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিষয়ে আগামী বসন্তের মধ্যে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিকে প্রতিবেদন দিতে হবে পেন্টাগনকে। এতে তাদের স্থানান্তরের পেছনে থাকা নিরাপত্তা হুমকি, আবাসন ব্যবহারের আইনি ভিত্তি এবং ভাড়ার পরিমাণও উল্লেখ করতে হবে।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস এই প্রতিবেদন তৈরির উদ্যোগে কমিটির অনুমোদন আদায় করেছেন। তার মতে, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা থাকছেন কি না এবং তারা ন্যায্য বাজারদর অনুযায়ী ভাড়া দিচ্ছেন কি না, তা তদন্ত করা প্রয়োজন।

ইরানের হুমকিতে বাসা বদল অর্থমন্ত্রীর
সামরিক আবাসনে সম্প্রতি উঠেছেন ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জর্জটাউনের নিজের প্রাসাদোপম বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে চলে গেছেন।
চলতি মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, নিজের জীবনের ওপর ইরানের হুমকির কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ তৈরির নেতৃত্ব দিয়েছেন তিনি।
বেসেন্ট বলেন, ‘ইরানের নেতৃত্বের প্রতি আমার কোনো ভয় নেই। আমি ভীত হব না। তারা আমার এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। কিন্তু আমরা ভয় পাব না।’
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর একটি সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন।

বিদেশি হুমকির কারণে কেউ কেউ সামরিক আবাসনে উঠলেও অন্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা নিয়ে। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড এবং তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্বাসযোগ্য হুমকির পর নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তার স্ত্রী কেটি চার সন্তানকে নিয়ে গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইর সামরিক ঘাঁটিতে ওঠেন। তাদের বাড়ির বাইরে এক নারী বিক্ষোভ করার পাশাপাশি তাদের বাসার ঠিকানা লেখা প্রচারপত্র বিতরণ করেছিলেন।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, মিলার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির একটি সুসংগঠিত অভিযান চালানো হয়েছিল। সে কারণেই তারা স্থানান্তরিত হয়েছেন।