রিয়াদে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। একই সঙ্গে সৌদির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ তিনটি।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির (এসপিডিসি) বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির অংশ নেন। সৌদি আরবের পক্ষে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি।
তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারোগলু।
এদিন ইসহাক দার বলেন, তিন দেশ যৌথ প্রতিরক্ষা, পারস্পরিক সংহতি এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানাতে চুক্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তিনি আরও বলেন, সৌদি আরবে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের ‘ধারাবাহিক ও জঘন্য’ হামলার নিন্দা জানিয়েছে তিন দেশ।
যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও জানিয়েছে তারা।
বৈঠকে প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তি উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দেশগুলো।
কী ছিল বৈঠকের আলোচ্যসূচিতে?
পাকিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদের বৈঠকে তিন দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মপদ্ধতি (এসওপি), বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় কাঠামো চূড়ান্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে বাকি দুই দেশ সামরিক সহায়তাসহ নিজেদের সক্ষমতা অনুযায়ী সহযোগিতা দিতে বাধ্য থাকবে।
চুক্তির কার্যক্রম সমন্বয়ের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য এর প্রথম মহাসচিব নিয়োগ দেয়া হয়েছে।
তবে চুক্তি স্বাক্ষর ও তুরস্কের অনুসমর্থনের মাধ্যমে তিন দেশের অংশগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেও এর পূর্ণাঙ্গ সামরিক কাঠামো এখনো গড়ে ওঠেনি।
যৌথ বাহিনীর গঠন, নেতৃত্ব, সামরিক অভিযান পরিচালনার নীতিমালা এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে সম্মিলিত প্রতিক্রিয়া জানানো হবে, সেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।
মক্কা জোটের বৈঠক
সৌদির নিরাপত্তায় একজোট তিন দেশ, হুতিদের হামলার নিন্দা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১৪ মিনিট আগে
২৮ নভেম্বর (শনিবার), ২০২৬, ৯ঃ২০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
