জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারালেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। না ফেরার দেশে চলে গেলেন তার মা মীনা গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকাল ৯টা নাগাদ ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন জিৎ। মায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জিৎ লিখেছেন, মিসেস মীনা গঙ্গোপাধ্যায় শুক্রবার সকালে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। মায়ের মৃত্যুতে তার গোটা পৃথিবী যেন শূন্য হয়ে গিয়েছে।
এমন কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। একই সঙ্গে মায়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা করেছেন। জানা গেছে, মায়ের শেষকৃত্যে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বই থেকে কলকাতায় ফিরছেন সঙ্গীত পরিচালক। রাতে কেওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। মায়ের সঙ্গে জিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তার জীবনে মায়ের ভূমিকা ছিল অনুপ্রেরণার অন্যতম উৎস। বিভিন্ন সময়ে মাকে ঘিরে নিজের আবেগ ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন শিল্পী। তার সৃষ্টিতেও বারবার উঠে এসেছে মায়ের প্রতি ভালোবাসার অনুভূতি।
গত জুলাই মাসে মায়ের জন্মদিনে একটি আবেগঘন পোস্ট করেছিলেন জিৎ। সেখানে মায়ের সুস্থতা, সুখ ও হাসিখুশি জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। মায়ের হাসি যে তার প্রতিদিনের আনন্দের অন্যতম কারণ, সে কথাও বলেছিলেন তখন। আজ সেই মাকে হারিয়ে শোকের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
