সুমাইয়া শিমুর ফেরা

সুমাইয়া শিমুর ফেরা

ফন্ট সাইজ:

কথা ছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন হবে জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর। কিন্তু সেখানে কাজের সবকিছু ঠিকঠাক থাকলেও ব্যক্তিগত কারণে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান তিনি। এবার নতুন কাজের মধ্যদিয়ে ফেরাটা হচ্ছে এ অভিনেত্রীর।

মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি, কান্না, দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সঙ্গে ঘটতে থাকা নানা অঘটন নিয়ে নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’। পরিচালনা করছেন কাজী আসাদ। এতে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করছেন— মোশাররফ করিম, দীঘি, দিলারা জামান প্রমুখ। ছবিটি চরকি’র প্রযোজনায় নির্মিত হচ্ছে। আগামী বছর ঈদে চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পাবে। চরকি প্রযোজিত সিনেমাটি শুটিংয়ের জন্য এরই মধ্যে কুয়াকাটায় অবস্থান করছে পুরো ইউনিট।

এর আগে নির্মাতা কাজী আসাদ ওটিটি প্ল্যাটফরম চরকি’র জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ফিল্ম ‘লাইফলাইন’। দু’টি কনটেন্টই জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। ‘যাত্রাবিরতি’ সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর নতুন করে অভিনয় করছেন সুমাইয়া শিমু। সিনেমায় নিজের অভিষেকের জন্য ‘যাত্রাবিরতি’কেই কেন উপযুক্ত মনে করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তিনি বলেন, স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি, দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরই খুঁজে পাবেন।