মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ফন্ট সাইজ:

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার অতিক্রম করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন।
একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় ছোড়া হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।