জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ আবুল কাশেমের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের শুরু থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেট জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, হকার্স জামে মসজিদ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রতিদিন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার পরিবেশে ইফতার গ্রহণ করেন।
হাজী মোহাম্মদ আবুল কাশেম বলেন, পবিত্র মাহে রমজান, সংযম, সহানুভূতি ও আত্মশুদ্ধির মাস। রোজাদারদের সম্মানে আমি ১৯৮২ ইং সন থেকে প্রতিদিন প্রায় ৩ হতে ৪শ’ রোজাদারদের জন্য ইফতার আয়োজন করে আসছি। এই ইফতার আয়োজন করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা। তিনি হকারদের অধিকার রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিদিন আসর নামাজের পর ইমাম সাহেবের মাধ্যমে রোজাদারদের ইফতারের দাওয়াত দেয়া হয়। এই ইফতার আয়োজন করতে প্রতিদিন ২২ জন লোক শ্রম দিয়ে ইফতার তৈরি করেন।
