আপাতত বিশ্বকাপেই সম্পূর্ন মনোযোগ রোনালদোর

আপাতত বিশ্বকাপেই সম্পূর্ন মনোযোগ রোনালদোর

ফন্ট সাইজ:

বয়সটা ৪১ ছুঁয়েছে। দরজায় কড়া নাড়ছে ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর কতদিন আন্তর্জাতিক ফুটবলে থাকবেন, তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তবে খোদ পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, অবসর বা ভবিষ্যৎ নিয়ে রোনালদো তো বটেই, দলের কেউই এই মুহূর্তে কোনো চিন্তা করছেন না।

আগামীকাল পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’-এর। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপটিই যে সিআরসেভেনের শেষ বিশ্বমঞ্চ, তা একরকম নিশ্চিত। কারণ পরবর্তী আসরে তার বয়স হবে ৪৫। আন্তর্জাতিক ফুটবলে ২২৭ ম্যাচে সর্বোচ্চ ১৪৩ গোলের বিশ্বরেকর্ডের মালিক রোনালদো এখন উন্মুখ হয়ে আছেন তার অধরা বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখতে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আজ নিজেদের মাঠ লেইরিয়াতে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। ধারণা করা হচ্ছে, ঘরের মাঠের দর্শকদের সামনে পর্তুগালের জার্সিতে এটিই হতে পারে রোনালদোর শেষ ম্যাচ। তবে বিদায়ের আবহকে পাশে সরিয়ে পর্তুগাল কোচের দাবি, রোনালদোর পুরো মনোযোগ এখন কেবল বিশ্বকাপেই।

মার্টিনেজ বলেন, ‘আমাদের অধিনায়ক তার প্রতিটি কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করেন। জাতীয় দলকে সাহায্য করার জন্য তিনি দিনের ২৪ ঘণ্টাই নিজেকে উজাড় করে দেন। রোনালদো কিংবা দলের অন্য কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। ভবিষ্যতে কী ঘটবে আমরা কেউ জানি না। যে কেউ চোটে পড়তে পারে বা এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে, যা আমাদের হাতে নেই। তাই মূল মনোযোগ এখন অনুশীলনে সেরাটা দেয়া এবং এই জার্সির প্রতি গর্ব বজায় রাখা।’

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের প্রথম প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে খেলার কৌশল তৈরিতে সাহায্য করবে। আগামী ১৭ই জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন