জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রহিমপুর সীমান্ত এলাকায় এ চেষ্টা চালানো হয়। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের বিপরীতে সীমান্তের ১০৮০ নম্বর পিলারসংলগ্ন বিএসএফের একটি গেটের সামনে মঙ্গলবার গভীর রাতে তিনটি ভারতীয় গাড়ি এসে অবস্থান নেয়। গাড়িগুলোতে বেশ কয়েকজন লোক ছিলেন। ঘটনাটি নজরে আসার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা সীমান্ত এলাকায় জড়ো হন এবং বিজিবির সদস্যরাও সেখানে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিএসএফ কয়েকজন ব্যক্তিকে সীমান্তের কাছাকাছি নামিয়ে দেয়। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসীরা এলাকায় অবস্থান নিলে এবং বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করলে পুশইন প্রচেষ্টা ভেস্তে যায়। পরে ভারতীয় গাড়িগুলো সেখান থেকে চলে যায়। তবে বুধবার সকালে একই স্থানে আবারও চারজনকে এনে নামিয়ে দেয়া হয় বলে অভিযোগ ওঠে। তারা ভারতীয় অংশে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
এদিকে বুধবার সকালে ধানুয়াকামালপুর সীমান্ত দিয়েও একজন মধ্যবয়সী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি তাকে দেশে প্রবেশ করতে দেয়নি। বর্তমানে ওই ব্যক্তি ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, ‘সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
