মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে বুধবার (১০ মে) সকালে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
আইআরজিসি বলেছে, জর্ডানে তারা একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
দেশটির সামরিক বাহিনী বলেছে, আমরা ইরান থেকে আজরাকের দিকে আসা পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ভূপাতিত করেছি। এর কারণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর ‘ফিফথ ফ্লিট’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কুয়েতেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। দেশটি জানিয়েছে, তারা শত্রুপক্ষের আকাশযান প্রতিহত করেছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান।
আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে ২১টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের এসব দেশে হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাদ আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দেয়া হবে।
