মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে চীন, রাশিয়ার উদ্বেগ, সংযমের আহ্বান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে চীন, রাশিয়ার উদ্বেগ, সংযমের আহ্বান

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ায় ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বেইজিং ও মস্কো সব পক্ষকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিভিন্ন বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা।

সংঘাতকে আরও তীব্র করা এবং পরিস্থিতির আরও অবনতি ঘটানো থেকে বিরত থাকতে হবে। উত্তেজনা প্রশমিত ও পরিস্থিতি শান্ত করতে বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে। ওদিকে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলা চালানোর পর রাশিয়া উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ৮ই এপ্রিলের যুদ্ধবিরতির পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ উত্তেজনা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সশস্ত্র সংঘর্ষ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ইরানের বিরুদ্ধে উসকানিবিহীন মার্কিন-ইসরাইলি আগ্রাসনের মাধ্যমেই এই সংঘাতের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানাই।

অন্যদিকে, ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরান মঙ্গলবার দিবাগত রাতভর হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বুধবার ভোরের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠী দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নৃশংস হামলা চালিয়েছে। আরও বলা হয়, এই হামলাগুলো জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে অনুচ্ছেদ ২-এর ৪ নম্বর দফা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করার মৌলিক নীতির পরিপন্থী। ইরানের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং সেই অধিকার থেকেই তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাতভর সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। তারা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন। টেলিফোন আলাপের সময় আরাঘচি যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। তিনি আরও জোর দিয়ে বলেন, বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা ইরানের সহজাত অধিকার এবং সেই অধিকার থেকেই ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন