বড় দলগুলোকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সুইজারল্যান্ড কোচ

বড় দলগুলোকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সুইজারল্যান্ড কোচ

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিজেদের শক্তিমত্তা আর ধারাবাহিকতা নিয়ে হুঙ্কার ছাড়লেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়া সুইসদের প্রধান কোচের বিশ্বাস, বিশ্বমঞ্চে যেকোনো বড় শক্তিকে গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে তার দল।

৫১ বছর বয়সী ইয়াকিন ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে দলের ঐক্য ও অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা অত্যন্ত সুসংগঠিত একটি দল এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে। তারা জানে এই মঞ্চে কতটা চাপ থাকে। আমরা নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে এসেছি এবং যেকোনো দলের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

বিশ্ব ফুটবলে তুলনামূলক ছোট দেশ হলেও, গত এক দশকে সুইজারল্যান্ডের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ইউরো ২০২৪-এ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তাদের লড়াকু পারফরম্যান্স ফুটবলবিশ্বের নজর কাড়ে। যদিও টাইব্রেকারে বিদায় নিতে হয় তাদের। তবে সেই স্মৃতি এখন দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ম্যানুয়েল আকাঞ্জি, গ্রেগর কোবেল এবং অধিনায়ক গ্রানিত জাকার মতো তারকাদের প্রশংসা করে ইয়াকিন বলেন, ‘গ্রানিত, আকাঞ্জি বা কোবেলের মতো খেলোয়াড়রা মাঠে এবং মাঠের বাইরে দলের মানসিকতা বদলে দেয়। একজন কোচ হিসেবে এমন প্রতিভাদের দলে পাওয়া ভাগ্যের ব্যাপার, যারা তরুণদের প্রতিদিন অনুপ্রাণিত করে।’

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সহ-আয়োজক কানাডা। বড় দলগুলোর তুলনায় প্রত্যাশার চাপ কম থাকাকে নিজেদের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন সুইস কোচ। অতীত সফলতার উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমরা অতীতে ইতালি বা জার্মানির মতো বড় দলগুলোকে হারিয়েছি। তাই প্রতিপক্ষকে চমকে দিয়ে সবচেয়ে বড় দলগুলোকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন