রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নওগাঁর মান্দা উপজেলার আব্দুল্লাহ আল ফিরোজ (৩৮)। তিনি ইসলামী ব্যাংকের কেশরহাট শাখার ক্যাশ ইনচার্জ। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে এক নারীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহনপুর থানার সেকেন্ড অফিসার মোদাশ্বের হোসেন খান নিহত ফিরোজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। পরে আহত অন্যদের ফায়ার সার্ভিসের কর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেছেন। রামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মো. উজ্জ্বল জানান, নিহত দুজনেরই তারা পরিচয় জানেন না। অজ্ঞাত হিসেবে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এছাড়া আহত চারজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে মোহনপুর থানার সেকেন্ড অফিসার মোদাশ্বের হোসেন খান জানিয়েছেন, হতাহতরা সবাই সিনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়েছেন। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন