কেডিএ’র নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ফন্ট সাইজ:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ-সুন্দর পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, পরিকল্পিত নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি’র নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন