পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমে উঠেছে ঈদের বাজার। শপিংমল থেকে শুরু করে ফুটপাথ-সর্বত্রই এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিরতিহীন কেনাকাটা। ঈদের আনন্দ ভাগ করে নিতে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী পছন্দের পোশাক ও অনুষঙ্গ সংগ্রহ করছেন। ফকিরগঞ্জ বাজারের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, বিক্রেতারা বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। বিশেষ করে তরুণ-তরুণীদের আকর্ষণে বাজারে এসেছে রকমারি নামের ও বৈচিত্র্যময় নকশার সব দেশীয় পোশাক। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা যথেষ্ট ভালো। কাঙ্ক্ষিত লাভে তারা বেশ খুশি। ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দোকানগুলোতে পর্যাপ্ত পণ্যের মজুত রাখা হয়েছে। বাজারে আসা ক্রেতাদের মধ্যে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তোড়িয়া গ্রাম থেকে আসা এক গৃহবধূ বৃষ্টি জানান, তিনি নিজের সন্তান ও শ্বশুর-শাশুড়ির জন্য ঈদের কেনাকাটা সম্পন্ন করেছেন। অনেক ক্রেতার মতে, পণ্যের দাম নাগালের মধ্যেই রয়েছে। তবে নিম্নআয়ের অনেক ক্রেতা জানান, ঝলমলে দোকানের তুলনায় ফুটপাথের দোকানগুলোই তাদের প্রধান ভরসা। পোশাকের পাশাপাশি জুতা ও কসমেটিকসের দোকানগুলোতেও তরুণ-তরুণীদের ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন তথা ইদ কেনাকাটা, যাতায়াত নির্বিঘ্নে করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, ঈদ মৌসুমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সভা করে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই সভায় আসন্ন ঈদে সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ রাখা ও মনিটরিং করা, যানজট নিরসনে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ যান চলাচলের উপর নজর রাখা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আটোয়ারীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
