নরসিংদীর পলাশে একই গ্রামের পৃথক স্থান থেকে মোসান্না গালিব মিম (২৮) ও শেখ শরীফ (২৭) নামে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত মোসান্না গালিব মিম মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও শেখ শরীফ একই গ্রামের প্রবাসী শেখ বাশির উদ্দিনের ছেলে। পুলিশ ও নিহতদের পরিবার জানায়- গত মঙ্গলবার রাতে মধ্য বাগপাড়া গ্রামে আমিরুলের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা সন্দেহবশত বাড়িতে গিয়ে রুমের দরজা বন্ধ পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা খুলে ভেতরে মোসান্না গালিবের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন পূর্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। পুলিশ জানায় নিহত ওই যুবক একাই বাড়িতে বসবাস করতেন। অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে বাগপাড়া গ্রামে শেখ শরীফ নামে আরেক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই যুবকের পরিবার সারাদিন তার কোনো খোঁজখবর না পেয়ে রুমের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শেখ শরীফের মরদেহ উদ্ধার করে। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান-নিহত দুই যুবক একে অপরের বন্ধু ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ই মাদকাসক্ত ছিল। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
