ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ছয়শ’ দুস্থ মানুষকে ঈদ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের লালকুটির প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর জালশুকা এবং আশপাশের গ্রামের মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
এ ছাড়াও অতিথি ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, সাংবাদিক খন্দকার শফিকুল আলম স্বপন, বড়াইল জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, বড়াইল ইসলামীয়া সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুহসিনুল করিম হারুনী। গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল, তরুণ সমাজসেবী আশরাফুল হক রিজেন, রফিকুল ইসলাম, ফরহাদ আহমেদ ও সাংবাদিক জুয়েল রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জালশুকা রহমানিয়া জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন। পরে দুস্থ মানুষদের হাতে ঈদ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। সাদেকপুর পশ্চিম, বর্তমানে বড়াইল ইউনিয়নের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রতি ২৮ রমজানে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
