ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফিরতে চান। মুক্তিযুদ্ধের বিজয়ের বার্ষিকীতে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন তিনি। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ই আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তার বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’ তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে সংবিধান বহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এরপর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে তার প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব। এ বিষয়ে রয়টার্স বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি ওই বার্তা সংস্থা।
রয়টার্স লিখেছে, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় আছে। এ মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন বলে খবর প্রকাশ হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর তার আগের পাসপোর্ট বাতিল করা হয়। এবার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্রের পাশাপাশি সরকারের কাছে বিমান পাঠানোরও দাবি জানিয়েছেন তিনি।
তবে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভ্যুত্থান ও পরবর্তী সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে এ মাসে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নেয়ার পর এবার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। ১৬ ডিসেম্বরকে প্রত্যাবর্তনের সম্ভাব্য দিন হিসেবে বেছে নেয়ায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
