দীর্ঘ বিরতির পর বর্ষীয়ান অভিনেত্রী শবনম গত শুক্রবার পাকিস্তান সফরে গিয়েছেন। বর্তমানে তিনি দেশটির করাচিতে অবস্থান করছেন। পরবর্তীতে লাহোর এবং ইসলামাবাদে বেড়াতে যাবেন। একটা সময় পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গুণী অভিনেত্রী একচ্ছত্র রাজত্ব করেছেন; যা একজন বাঙালি অভিনেত্রী হিসেবে সত্যিই বিস্ময়কর এবং সম্মানের। যার মাতৃভাষা বাংলা; তিনি কি সাবলীলভাবে উর্দু, পাঞ্জাবি ভাষায় নির্মিত সিনেমায় অভিনয় করে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন। সেই সময় উর্দু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জেবা, শামীম আরা, দিবাদের মাঝেও শবনম স্বতন্ত্র জায়গা তৈরি করেন। ১৯৮৮ সালে শবনম তার চরিত্র পরিবর্তন করেন এবং পুনরায় ঢাকা ও লাহোরের চলচ্চিত্রাঙ্গনে অভিনয় করতে থাকেন। ৪০ বছরের অধিক সময় ধরে অভিনয় জীবনে তিনি প্রায় ১৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
শবনম একাধিকবার সম্মানসূচক নিগার পুরস্কারের পাশাপাশি তিনবার পাকিস্তানের জাতীয় পুরস্কার লাভ করেন। একটা সময় মাতৃভূমির টানে পাকিস্তান সিনেমার সাফল্যকে পেছনে ফেলে ফিরে এলেন বাংলাদেশে। ফিরে এসেই ‘আম্মাজান’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা কুড়ান। বর্তমানে বয়সের ভারে তিনি ঘরবন্দি হয়ে থাকেন। প্রয়োজন ছাড়া খুব একটা বের হন না।
এ বিষয়ে শবনম বলেন, আজকাল আর এত কোলাহল ও দীর্ঘক্ষণ কোথাও বসে থাকা আমার শরীর পারমিট করে না। অনেক বছর পর সম্প্রতি আমি এবং রুনা লায়লা একই মঞ্চে সম্মানিত হয়েছি। পাকিস্তানি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এবারের সফরে আমার পুরনো কলিগদের সঙ্গে দেখা এবং আড্ডা দেয়া হবে। পাকিস্তানি শিল্পীদের কথা উঠতেই তিনি বলেন, জেবার ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং চিত্রনায়ক নাদিমের কানে সমস্যা দেখা দিয়েছে। তাই তারা একটু আড়ালে থাকেন। বিশেষ করে জেবা নিভৃতে থাকতে পছন্দ করেন।
