গত কয়েকদিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের চলাচল
ও যানবাহনের উপস্থিতি। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরেও ফিরেছে কর্মচাঞ্চল্য। জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েনের পাশাপাশি চলছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি। এর মধ্যেই গতকাল রোববার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, গ্রেপ্তারও নেই। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। হামলার ভয়ে অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি’র নেতারা।
রোববার সরজমিন গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কোটালিপাড়া, কাশিয়ানি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জনজীবনে স্বাভাবিকতা ফেরার চিত্র দেখা গেছে। শহরের লঞ্চঘাট, ডিসি রোড, পুলিশ লাইন্স ও বিভিন্ন মার্কেটের পাশাপাশি কাশিয়ানী উপজেলার ব্যাসপুরসহ কয়েকটি এলাকাতেও পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠান। কর্মব্যস্ত হয়ে উঠেছে জেলার বিভিন্ন এলাকা।
রোববার অফিসের দিন হওয়ায় সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। জজ কোর্ট, পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে নিয়মিত কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে বিভিন্ন দপ্তরে আসছেন সেবাগ্রহীতারা। গোপালগঞ্জ পৌরভবনে কথা হয় শিল্পী আক্তারের সঙ্গে। মেয়ের জন্মনিবন্ধনের কাজ করতে এসেছেন বলে জানান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা সিরিয়াল থাকায় তাকে অপেক্ষা করতে বলেছেন।
ব্যাংকগুলোতেও ফিরেছে স্বাভাবিক কার্যক্রম। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু’দিন বন্ধ থাকার পর রোববার থেকে ব্যাংকগুলোর নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। বেড়েছে গ্রাহকদের উপস্থিতি ও লেনদেন। পরিস্থিতি উত্তাল থাকায় গত কয়েকদিন অনেক এটিএম বুথই বন্ধ ছিল। ফলে প্রয়োজনের সময় কার্ড দিয়ে টাকা তুলতে পারেননি গ্রাহকরা। রোববার থেকে এটিএম বুথসহ ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দিনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। লেনদেন বেড়েছে। গ্রাহকদের উপস্থিতিও আগের মতো হচ্ছে।
মার্কেটগুলোতেও ধীরে ধীরে ফিরছে প্রাণচাঞ্চল্য। ব্যবসায়ী রঞ্জন কুমার বলেন, আতঙ্কের কারণে গত দু’দিন মার্কেটে মানুষের সমাগম কম ছিল। এখন আস্তে আস্তে বাড়ছে। আজ অফিস-আদালত সবকিছু খোলা থাকায় মার্কেটেও মানুষের উপস্থিতি বেড়েছে।
কাশিয়ানি সদর উপজেলার আমির চারু বলেন, এদিকে তেমন কোনো সমস্যা নেই। তবে একধরনের থমথমে অবস্থা। আগামী কর্মসূচি নিয়ে আলোচনার গুঞ্জন আছে।
ব্যাসপুরে শিক্ষক মিথিলা আক্তার বলেন, পরিস্থিতি স্বাভাবিক। সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই হচ্ছে। পরিস্থিতি যেভাবে উত্তাল হয়েছিল। সেজন্য শঙ্কা এখনো কাটেনি।
এদিকে ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের সড়কগুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রমও দেখা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। তবে সরকারি কার্যালয় ও আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলায় বিজিবি, আনসার ও এসআরবি সদস্যদের ব্যাপক মোতায়েন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত শনিবার সন্ধ্যায় আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আগে থেকেই মোতায়েন থাকা ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সঙ্গে শনিবার সন্ধ্যায় আরও ৭ প্লাটুন যুক্ত করা হয়েছে। সবমিলিয়ে জেলায় ১৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশ, এসআরবি ও বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। সরজমিন দেখা যায়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ও আশপাশের কোথাও নতুন করে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত আন্দোলন-সংগ্রামের কর্মসূচি ঘোষণার বিষয়টি সামনে থাকলেও শহরে দলটির উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি। যদিও রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ-মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য দেন।
গত ১৯শে নভেম্বরের ঘটনায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। হামলার ভয়ে তাদের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি’র নেতারা। হামলা ও সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানালেও সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম মানবজমিনকে বলেন, আমাদের থানায় এখন পর্যন্ত নাশকতার কোনো মামলা হয়নি। কোনো গ্রেপ্তারও নেই।
জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান মানবজমিনকে বলেন, ‘হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানের মতো জনগণের জানমালের ক্ষতি করলে উপযুক্ত জবাব দেয়া হবে।
উল্লেখ্য, গত ৯ই নভেম্বর থেকে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৯শে নভেম্বর লকডাউনকে কেন্দ্র করে পরিস্থিতির আরও অবনতি ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা জ্বালিয়ে দেন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ১৭ই নভেম্বর রাতে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকার গোপালগঞ্জ-৩ (এস এম জিলানী) সংসদ সদ্যের পৈতৃক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এর আগে আটক ছাত্রলীগ কর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৮ই নভেম্বর রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ (ডা. কে এম বাবর) সংসদ সদস্যদের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। ভবনের ওপরের তলায় থাকা আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৯শে নভেম্বর সকালে কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ (সেলিমুজ্জামান সেলিম) সংসদ সদস্যের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।
