তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এই বৈঠক বসবে। ১লা নভেম্বর বোর্ড গঠনের পর ৪ঠা নভেম্বর প্রথম সভা হয়। এর মধ্যে ৯ই নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। এদিকে গত ১৬ই নভেম্বর নির্ধারিত তৃতীয় সভা স্থগিত হওয়ার পর আজকের বৈঠকে তারা লিখিত প্রস্তাব জমা দেবেন বলে বোর্ড চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ জানান, আজ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র বলছে, সভায় দু’টি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কারখানাগুলোর বর্তমান আর্থিক সক্ষমতা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যালোচনার জন্য সময় নিয়েছিলেন মালিকরা। তবে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট জানিয়েছেন, আজকের সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলেও বোর্ড বসে থাকবে না। আইনানুগ প্রক্রিয়া এবং জীবনযাত্রার ব্যয় ও উৎপাদন খরচের সূচক বিবেচনায় নিয়েই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।
একটি খসড়া বা প্রাথমিক আলোচনায় ইপিজেড ও বিডা নিবন্ধিত কারখানাগুলোর জন্য অঞ্চলভেদে ভিন্ন মজুরির ধারণা পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের জন্য ১৬,৬০৫ টাকা, সিলেট ও কুমিল্লার জন্য ১৫,৭৪৪ টাকা, খুলনা ও বরিশালের জন্য ১৪,৭০৬ টাকা এবং রংপুর, দিনাজপুর ও রাজশাহীর জন্য ১৩,৫৩০ টাকা নিম্নতম মজুরির পাশাপাশি বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাবের তথ্য জানা গেছে।
এর আগে গত ১৮ই নভেম্বর সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করে সিপিডি। বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বশেষ নির্ধারিত নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা (২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত)। নতুন মজুরি কাঠামো ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর করার প্রত্যাশা করা হচ্ছে।
মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ’র কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে আভাস মিলেছে। সূত্র জানায়, সম্প্রতি দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভা হয়। এতে মালিকদের কাছে জানতে চাওয়া হয়, ন্যূনতম মজুরি কতো টাকা দেয়ার সামর্থ্য রয়েছে? উত্তরে অধিকাংশ মালিক বলেন, ১৪ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত বিজিএমইএ ১৫ হাজার টাকার আশপাশের মধ্যে প্রাথমিক মজুরি প্রস্তাব দেবে। পরে দর-কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো যেতে পারে।
