বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। জীবনের এই সময়ে এসে নিজের বায়োপিক নিয়ে চিন্তা করছেন তিনি। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নায়ক বা নায়িকার তেমন কোনো বায়োপিক নেই। এক দশকেরও বেশি সময় ধরে নতুন কোনো সিনেমাতে নেই ববিতা। তবে তিনি তার নিজের বায়োপিকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যদি কেউ তার জীবনের গল্প ঠিকঠাক মতো তার কাছে তুলে ধরতে পারেন এবং সেই গল্প সঠিকভাবে নির্মাণের জন্য যতটা অর্থ বিনিয়োগ করা প্রয়োজন তা করা যায়, তাহলে তিনি বায়োপিক নির্মাণের অনুমতি দেবেন এবং তাতে অভিনয় করবেন। কানাডা থেকে ববিতা বলেন, আমাদের দেশের বাইরে নানা সময়ে অনেক শিল্পীর বায়োপিক নির্মিত হয়েছে। তার মধ্যে কিছু বায়োপিক আমি দেখেছি। তারা চেষ্টা করেছে, ঠিকঠাক মতো জীবনের গল্প তুলে ধরতে।
আমাকে নিয়েও যদি কেউ বায়োপিক নির্মাণ করতে চান তাহলে আমার জন্ম থেকে শুরু করে আমার পড়াশোনা, আমার বাবা-মা, আমার পরিবার, আমার সিনেমা জীবনের শুরু, সিনেমায় ববিতা হয়ে ওঠার পেছনের কষ্ট, সংগ্রাম, গল্প, বাংলাদেশের সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমার পথচলা, আমার প্রাপ্তি, সিনেমাকে ঘিরে আমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সঠিকভাবে তুলে ধরতে হবে। কেউ যদি সঠিকভাবে গল্প লিখেন এবং তা যদি আমার ভালো লাগে- তবেই বায়োপিকে অভিনয় করা যেতে পারে। এর আগে বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছি। সবগুলোই আমার মনের মতো গল্প নিয়েই করা। যে কারণে বায়োপিকটাও হতে হবে একদম আমার জীবনের নিখুঁত বর্ণনা।
