আপত্তিকর ভিডিও ভাইরালের আলোচনা থামতে না থামতেই নতুন অভিযোগে অভিনেতা সাইদুর রহমান পাভেল। এবার ধারাবাহিক নাটক ‘হাঙ্গামা’র শিডিউল দিয়েও শুটিংয়ে অংশ না নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগটি তুলেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর। তার দাবি, পাভেলের অনুপস্থিতিতে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা ইউনিট। নির্মাতার অভিযোগ, গত ১৫ ও ২১শে নভেম্বর শুটিংয়ের তারিখ নির্ধারিত থাকলেও পাভেল সেটে উপস্থিত হননি। তার জন্য গাড়ি পাঠানোসহ পুরো শুটিং ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। দিনভর অপেক্ষা করেও অভিনেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এতে দুইদিনের শুটিং ঘিরে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। রোববার গভীর রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নির্ঝর। তিনি বলেন, ১৫ই নভেম্বরের ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছিল। পরে পারিবারিক সমস্যার কথা বলে পাভেল ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসে তাকে আবারো কাজের সুযোগ দেয়া হয়। ১৭ ও ১৮ই নভেম্বর শুটিংও করেন তিনি। কিন্তু ২১শে নভেম্বর আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নির্ঝর বলেন, বিষয়টি ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে অবহিত করেছেন। ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
