ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় সামনে এনে নতুন করে আলোচনায় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। সম্প্রতি মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’-এ অতিথি হয়ে নিজের এই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন ৩৬ বছর বয়সী জেনিফার। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন একটি ভাইরাল ঘটনা নিয়ে জেনিফারের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইভস অব নিউ ইয়র্ক’র সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর। এ প্রসঙ্গে অ্যান্ডি জানতে চান, স্তনের আঘাতে কারও নাক ভেঙে যাওয়ার বিষয়টি তার কাছে রহস্যজনক মনে হয় কিনা- জবাবে জেনিফার বলেন, বিষয়টি তার কাছেও রহস্যজনক।
তবে তার নিজের স্তনেও ইমপ্ল্যান্ট রয়েছে। অভিনেত্রীর স্বীকারোক্তিতে বিস্মিত হন সঞ্চালক। হাসতে হাসতে জেনিফার বলেন, অস্ত্রোপচারটি বেশ নতুন। ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে তার ব্রেস্টের মাপ সি কাপ। এ সময় ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন তিনি। এর আগে দ্বিতীয় সন্তানের জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন জেনিফার। গত অক্টোবরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম সন্তানের জন্মের পর শরীর আগের অবস্থায় ফিরলেও দ্বিতীয় সন্তানের পর তা আর সম্ভব হয়নি। ওই সময় ব্রেস্ট লিফট করানোর কথাও বলেছিলেন অভিনেত্রী।
