এআই নজরদারিতে মহাসড়ক, ফিরছে শৃঙ্খলা অপরাধ শূন্যের কোঠায়

ফন্ট সাইজ:

মহাসড়কে ফিরছে শৃঙ্খলা। এআই ক্যামেরার নজরদারিতে আসার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমেছে অপরাধ। চুরি, ডাকাতি এমনকি লাশ ফেলে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও এখন ঘটছে না বলে দাবি পুলিশের। হাইওয়ে পুলিশের দেয়া তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ফাইন সিস্টেম চালুর পর গত চার মাসে ৩৮০১টি মামলা হয়েছে। আর এর মধ্যে বেশির ভাগ মামলাই হয়েছে নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করে অতিরিক্ত গতিতে এবং উল্টোপথে গাড়ি চালানোর ফলে।

পাইলটিং ভিত্তিতে চালু হওয়া এই মহাসড়কে সফলভাবে এআই নজরদারি কাজ করায় দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তিতে আগ্রহ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকা থেকে মাওয়া অংশে এআই ক্যামেরা বসবে।
গত ১৮ই আগস্ট নারায়ণঞ্জের রূপগঞ্জে হাইওয়ে পুলিশ প্রথমবারের মতো এআই ফাইন-সিস্টেম চালু করে। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য বলছে, অটো-ফাইন সিস্টেম চালুর পর গত চার মাসের মধ্যে আগস্ট মাসে ৭৬০টি, সেপ্টেম্বর মাসে ৮১৮টি, অক্টোবরে ১ হাজার ৪৫২টি এবং গত মাসে ৭৭১টি মামলাসহ মোট ৩ হাজার ৮০১টি মামলা দেয়া হয়েছে। অর্থাৎ প্রতি মাসে এআই ক্যামেরার কারসাজিতে মহাসড়কে ৯৫০টির বেশি মামলা হচ্ছে।

মহাসড়কের এআই ক্যামেরার মাধ্যমে কোন চালক গাড়িতে চালকের আসনে বসে কথা বলছেন, কতো স্পিড বা স্পিড লেভেল ক্রস করছেন— সেটিও নির্ণয় করা যায়। সিস্টেমে ফ্লাশলাইট ও রাডারের মাধ্যমে স্পিড ও চালকের চেহারাসহ স্পষ্ট ছবি দেখা যায়। এমনকি কোন গাড়ি অবৈধ পথ দিয়ে যাচ্ছে সেটিও তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব। কোন মোটরসাইকেলে কতোজন যাত্রী, হেলমেটবিহীন কতোজন— সেটিও সময়সহ চিহ্নিত করা যায়। যেসব মহাসড়কে তিন চাকার যানবাহন চলার কথা নয়, সেখানে তিন চাকার গাড়ি চললে সেটিও ধরতে পারছে এআই প্রযুক্তি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ; মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর এই সিস্টেম চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে ট্রাফিক আইন প্রয়োগ আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে। অন্যান্য অপরাধপ্রবণতাও অনেক কমে যাবে।
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম মানবজমিনকে বলেন, বেশির ভাগ দাখিলকৃত প্রসিকিউশন নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালানো, উল্টোপথে মোটরযান চালানো এবং ভুয়া নম্বরপ্লেট ব্যবহারকারীদের মোটরযান শনাক্তকরণে দায়ের করা হয়।

তিনি বলেন, এআই নজরদারিতে আসার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুধু ট্রাফিক নয়, অপরাধপ্রবণতাও অনেকটা শূন্যের কোটায় নেমে এসেছে। আগে হাইওয়েতে লাশ ফেলে চলে যেতো অপরাধীরা। গত ছয় মাসে এমন ঘটনা ঘটেনি। মহাসড়কে বেশির ভাগ চুরি-ডাকাতি হতো বড় বড় ট্রাক বা রপ্তানি পণ্যের ক্ষেত্রে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন এসব হচ্ছে না। আগে মহাসড়কে চালকরা অপরাধ কর পালিয়ে যেতো। এখন তাদের শনাক্ত করা যায়। সামান্য ক্লু পেলেই তাদের ধরা যায়। এআই নজরদারির মাধ্যমে তাদের চশমা, চেহারা এমনকি গামছা কেমন ছিল— সেটা দেখেও তাদের আইডেন্টিফাই করা যায়।