নড়াইলের কালিয়ায় ২ বিএনপি নেতা খুনের ঘটনার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কালিয়ার বেন্দারচর, নয়নপুরসহ বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটেছে। সরজমিন ঘুরে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার বিকাল ৩টার পর থেকে হঠাৎ করে কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামসহ বিভিন্ন এলাকায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। চলে রাত পর্যন্ত। এ সময় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বেন্দা গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটনের বেন্দারচরের ২টি বাড়ি এবং কালিয়া শহরের বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বড়কালিয়া গ্রামের বাড়ি, আওয়ামী লীগ নেতা বিপ্লবের বাড়িতেও আগুন দেয়া হয়। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খান শামীমুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান, নয়নপুর গ্রামের মনু শেখ, জুলফিকার ও রাসেলের বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এলাকায় ২ জন বিএনপি নেতা খুন হওয়ার পর একটি সুযোগ সন্ধানী চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা এসব লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। খুনের ঘটনার পর এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দখলদারিত্ব দেখানোর জন্য বিএনপি’র একটি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে।
গত বুধবার সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল-ছাত্রদল কর্তৃক আয়োজিত মোটরসাইকেল মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় গুরুতর আহত হন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। তাদের চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতকারী বিএনপি ও সরকারকে মিডিয়ার মাধ্যমে অপদস্থ করার চেষ্টা করছে। তারা অপপ্রচার করছে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তাছাড়া আর কিছুই নয়। সনাতনী সম্প্রদায়ের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তাদের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। নড়াইল জেলা বিএনপি তাদের সকল ধরনের নিরাপত্তা দিয়ে আসছে। আগামীতে দিবে। অহেতুক কিছু মিডিয়া গুজব ছড়াচ্ছে। আমরা ওই গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, গত শুক্রবার বিকালে খবর আসে বেন্দারচর গ্রামের কিছু বাড়িতে আগুন দেয়া হয়েছে। গ্রামটিতে যাওয়ার পথে সড়কে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়ি। গাছ সরিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টার দিকে সেখানে পৌঁছায়। ততক্ষণে আগুন প্রায় নিভে গিয়েছিল। সেখানে ২০/২৫টি বাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে কোনো হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেনি। বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার অভিযোগের ব্যাপারে কালিয়া থানার ওসি ইদরিস জানান, গত ১৮ তারিখে খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকালে ওই এলাকায় গিয়ে রাস্তার পাশের ১৫/২০টি বাড়ি ভাঙচুর করে।
যার মধ্যে কিছু বাড়ি ২০২৪ সালের ৫ই আগস্টের সময় ভাঙা হয় এবং পরিত্যক্ত ছিল। এ সময় তারা ৪/৫টি বাড়িতে আগুন দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। তাছাড়া যেখানে ঘটনা তথা বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নাই। তাই হিন্দু নির্যাতনের যে ঘটনা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো হিন্দুর বাড়ি ভাঙচুর বা তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার এ ব্যাপারে প্রেস রিলিজের মাধ্যমে জানান, ফেসবুক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মালম্বীদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের যেসব তথ্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যমূলকভাবে ক্ষুণ্ন করছে। উক্ত বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নাই। কোনো হিন্দুর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হামলার ঘটনা ঘটেনি।
এদিকে বিএনপি’র ২ নেতা হত্যা ঘটনায় জড়িত আসামি বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বিএনপি’র ২ নেতার কবর জিয়ারত করার জন্য শুক্রবার সকালে কালিয়ায় ছুটে আসেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপি নেতা এডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, শাহরিয়ার রিজভী জর্জসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
