প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে

প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তী-কালীন সরকারের সঠিক সিদ্ধান্ত ও যৌক্তিক হয়েছে— যা আজ জাতির কাছে প্রমাণিত। নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটি করবে। গতকাল বিকালে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত, পলাতক, ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। বাংলাদেশে তাদের পুনঃরুত্থান হওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে বলতে চাই, দেশকে নতুন করে তাঁবেদার রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরও আমরা জবাব দিতে চাই। এই দেশের মানুষ দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে। লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে যা করা প্রয়োজন তাই করা হবে।

গোপালগঞ্জ সম্পর্কে তিনি বলেন, পলাতক, পতিত, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু’-এক জায়গায় পেট্রোল বোমা মেরে, থানা পুড়িয়ে দিয়ে মনে করছে তারা দেশে অরাজকতা তৈরি করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছেন তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। আমি তাদের বলতে চাই, এগুলো করে কোনো লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আগের সরকারের মতো গুম, খুন, গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চাই না। যা হয়েছে আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করতে পারবো।

তিনি বলেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারি অফিস-আদালতের প্রয়োজন নেই, ওই জেলার উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার সেটি করবে না। জনগণের ওপর নির্ভর করবে তারা কি চাচ্ছে। জনগণের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বোমা মেরেছে, হত্যাযজ্ঞ, গুম ঘটিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা নিজেদের জেলা মনে করে সেখানে একই ঘটনার ঘটনা ঘটিয়ে আবারো আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে হবে না। সেখানে কোনো দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোনো দলের প্রার্থী হিসেবে লিখতে পারবে না। তবে জেলা-উপজেলা পর্যায়ে বিএনপি’র পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে সেটি ঘোষণা করা হবে। যদি কোনো ব্যক্তি দলের বাইরে যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন— শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।