দেশে দিন দিন বেপরোয়া হচ্ছে অপরাধীরা। তাদের হাতে হামলার শিকার হচ্ছেন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এ ছাড়া, আটক অপরাধী পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অপরাধ দমন, মামলার তদন্তে স্বচ্ছতা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, মাঠপর্যায়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন, অপরাধীদের ডেটাবেজ তৈরি, ডিজিটাল পদ্ধতিতে মামলার তদন্ত ও তদারকি, থানায় অনলাইন অভিযোগের ব্যবস্থা সম্প্রসারণসহ নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি। পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আনতে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু, তদন্ত ও অপারেশন শাখা পৃথক করা এবং অপরাধপ্রবণ এলাকাভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধ দমনের পরিকল্পনা করা হয়েছে।
ওই মুখপাত্র জানান, তিন ধাপে পরিকল্পনার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। স্বল্পমেয়াদি কার্যক্রমের জন্য এক বছর, মধ্যমেয়াদি কার্যক্রমের জন্য এক থেকে দুই বছর এবং দীর্ঘমেয়াদি কার্যক্রমের জন্য দুই থেকে পাঁচ বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এতে পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি, পিবিআই, এপিবিএন, পুলিশ টেলিকম, স্পেশাল সিকিউরিটি ইউনিটসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে বাস্তবায়নকারী হিসেবে রাখা হয়েছে। পরিকল্পনাগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে গুরুত্ব
অপরাধপ্রবণ ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ-পুলিশের আওতাধীন এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সম্ভাব্য অপরাধস্থল শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি সারা দেশে সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতা বাড়ানো হচ্ছে। অপরাধ সংঘটনের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে সাড়া দেয়ার সময় (রেসপন্স টাইম) কমানোর উপরও গুরুত্ব দেয়া হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, ভুক্তভোগীদের নিরাপত্তা দেয়া এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এজন্য পর্যাপ্ত যানবাহন সরবরাহ, ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সক্ষমতা বাড়ানো হচ্ছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ঝুঁকিপূর্ণ ও কৌশলগত স্থান নির্ধারণের মাধ্যমে পেশাদার অপরাধ দমন ও তল্লাশি কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
ডিজিটাল হবে মামলার তদন্ত ও তদারকি
মামলার তদন্ত প্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। থানার কার্যক্রম ও তদন্ত ডিজিটালাইজেশনের জন্য পর্যাপ্ত কম্পিউটার সরবরাহের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও বিট অফিসারদের কর্মতৎপরতা তদারকিতে সারা দেশে সিআইডিএমএস (ক্রাইম ইনভেস্টিগেশন ডিজিটাল মনিটরিং সিস্টেম) চালু করা হচ্ছে। থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবলসহ ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। মামলার তদন্ত ও অপারেশন পরিচালনার জন্য থানার জনবলকে অপারেশন শাখা এবং তদন্ত শাখায় বিভক্ত করা হবে। একইসঙ্গে থানা এলাকার জনসংখ্যা ও অপরাধের ধরন বিবেচনায় পর্যাপ্ত জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
অপরাধীদের ডেটাবেজ, ক্রাইম ম্যাপিং
অপরাধ দমনে তথ্যভিত্তিক পুলিশিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোর তথ্য বিশ্লেষণ করে ক্রাইম ইন্টেলিজেন্স প্রস্তুত করা হচ্ছে। একজন অপরাধী বারবার একই অপরাধ করলে তা ডেটাবেজে সংরক্ষিত করা হবে। তার বিরুদ্ধে নজরদারি করা হবে। এমনকি যেসব এলাকায় অপরাধ বেশি হয়, সেসব এলাকা ক্রাইম ম্যাপিং করা হবে। এরপর সেসব এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ
মাদক মামলার তদন্ত ও প্রসিকিউশনকে সহায়তা এবং সমন্বয় জোরদার করতে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে মাদক প্রতিরোধ সেল গঠনের প্রস্তাব রয়েছে। মাদক ব্যবসায়ী, মানব ও অস্ত্র পাচারকারী এবং চোরাচালান চক্রের রুট শনাক্ত করে নজরদারি বাড়ানো হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে। অপরাধের শিকার নারী ও শিশুদের অভিযোগ গ্রহণের জন্য দেশের থানাগুলোতে উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। একইসঙ্গে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মসূচি গ্রহণের প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে জাতীয় শিশু আইন ও সংশ্লিষ্ট আইনের বিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা এবং জুভেনাইল জাস্টিস বা শিশু-বান্ধব বিচারব্যবস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কিশোর অপরাধপ্রবণতা কমাতে সচেতনতামূলক উদ্যোগ ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাক্ষী ও ভুক্তভোগীদের সুরক্ষায় নতুন উদ্যোগ
মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে সাক্ষী ব্যবস্থাপনা ডেস্ক স্থাপন, সাক্ষীদের আদালতে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা এবং সাক্ষ্য প্রদানের তারিখ অবহিত করার জন্য স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর পদ্ধতি চালু করা হবে। সাক্ষীদের ভোগান্তি কমানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর সাক্ষী ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। পাশাপাশি আদালতে সাক্ষীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে।
থানায় সেবার মান বাড়াতে আলাদা অপেক্ষাকক্ষ
থানায় আগত সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমিয়ে সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগও রয়েছে। এ লক্ষ্যে থানায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন অপেক্ষাকক্ষ চালুর পরিকল্পনা করা হয়েছে। দেশের সব থানায় অনলাইনে অভিযোগ দাখিলের সুবিধা সম্প্রসারণ ও কার্যকর করা হচ্ছে। এ ছাড়া, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযান ও তল্লাশি কার্যক্রমে বডিওর্ন ক্যামেরা ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। এর মাধ্যমে অভিযান পরিচালনার সময়কার কার্যক্রম সংরক্ষণ এবং পরবর্তী সময়ে জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
জনবল ও যানবাহন বাড়ানোর পরিকল্পনা
অপরাধের ধরন ও থানার জনসংখ্যা বিবেচনায় পর্যাপ্ত জনবল সৃষ্টির পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষিত করে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তদন্ত ও অপারেশন কার্যক্রম পৃথক করা, ক্রাইমসিন ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং অপরাধ দমনে প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উদ্ধার কার্যক্রম জোরদার ও দ্রুত সাড়াদানের জন্য পর্যাপ্ত সংখ্যক যানবাহন সরবরাহের অনুমোদন দেয়া হয়েছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে লাশ পরিবহনের জন্য দেশের প্রতিটি থানা ও মেট্রোপলিটন পুলিশ ইউনিটে ফ্রিজিং ভ্যান সরবরাহের কথাও বলা হয়েছে। এ ছাড়া, পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর অপরাধ শনাক্তকরণ ও তদন্তে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
