হুমায়ুনের পাশে মুক্তাদির আরিফ

হুমায়ুনের পাশে মুক্তাদির আরিফ

ফন্ট সাইজ:

সিলেটে ‘আক্রান্ত’ হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তার সিলেটের বাসায় আগুন দিলো দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় প্রতিমন্ত্রী তার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসায় ছিলেন। এটিকে নিছক কোনো ঘটনাই মনে করছে না সিলেট বিএনপি। ঘটনার পর হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঘটনার খবর শুনে সিলেটে অবস্থান করা দুই মন্ত্রীই ছুটে গেছেন পররাষ্ট্রমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসায়। সন্ধ্যায় ঢাকা থেকে ছুটে আসেন হুমায়ুন কবিরও। সিলেটে এলে প্রতিমন্ত্রী দাড়িয়াপাড়া বাসাতে থাকেন।

স্বজনরা জানিয়েছেন, দেশে থাকলে প্রতি শুক্রবার সিলেটে থাকেন প্রতিমন্ত্রী। নিজের নির্বাচনী সিলেট-২ আসন সহ সিলেটের নানা কর্মসূচিতে তিনি অংশ নেন। তবে ঘটনার সময় হুমায়ুন কবির সিলেটে ছিলেন না। শুক্রবার ভোরে তার বাসায় দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ জানিয়েছে, ফটকের মধ্যে কাপড় পেঁচিয়ে তাতে জ্বালানি দিয়ে আগুন দেয়া হয়। এতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এমন ঘটনায় হতবাক হয় সবাই। নেতাকর্মীরা জানিয়েছেন, প্রতিমন্ত্রীর বাসা থেকে কয়েকশ’ গজ দূরে অবস্থান পুলিশ ফাঁড়ির। ফলে দুর্বৃত্তদের এমন কাণ্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার দুপুরে ঢাকা থেকে সিলেটে ফিরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি ছুটে যান প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দাড়িয়াপাড়াস্থ বাসায়। তিনি ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও স্বজনদের সঙ্গে কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ অনেক আগেই রাজনীতি থেকে বিচ্যুত হয়েছে। বিগত দিনে তারা লুটপাট চালিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার তছরুপ করেছে, এরপর দেশ ছেড়ে পালিয়েছে। এখন অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাদ জুমা সিলেটে জেলা ও মহানগর বিএনপি’র সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশের পর হুমায়ুন কবিরের বাসায় যান শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বাসায় কিছু সময় অবস্থান করেন। আরিফুল হক চৌধুরী এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীরা চোরাই পথে এসে রাতে ঘোমটা পরে কেউ যদি দুই মিনিটের ফটোসেশন করে চলে যায় এটার নাম বীরত্ব নয়। এই দুই মন্ত্রী ছাড়াও সিলেট জেলা ও নগর বিএনপি’র শীর্ষ নেতারা প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় যান। শুক্র ও শনিবার দফায় দফায় তারা বাসায় যান। সন্ধ্যায় প্রতিমন্ত্রী ঢাকা থেকে এসে তার বাসার ফটকের সামনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় প্রতিমন্ত্রী তার বাসায় আগুন দেয়ার ঘটনার পর যারা এসেছেন সবার কাছে কৃতজ্ঞতা জানান। বলেন, সিলেট বিএনপি’র নেতারা এখন সন্ত্রাস, সহিংসতা মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ। আমার বাসার ঘটনার পর সবাই এসেছেন। সবাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, রাহাজানির প্রতিবাদ জানাচ্ছেন।

হামলাকারীদের খুঁজছে পুলিশ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসার ফটকের আশপাশ এলাকায় যে তিনটি সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো নষ্ট ছিল। ফলে প্রমাণস্বরূপ কোনো ভিডিও ফুটেজ পায়নি পুলিশ। আর প্রতিমন্ত্রীর বাসার ভেতরে যে সিসিটিভি রয়েছে সেটি ফটক পর্যন্ত কাভার করে না। কোতোয়ালি থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ না থাকলেও নানাভাবে পুলিশ তদন্ত চালাচ্ছে। এরই মধ্যে পুলিশ কিছু ক্লু পেয়েছে। এসব ক্লু ধরে তদন্ত কাজ চলছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন মানবজমিনকে জানিয়েছেন, ঘটনাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই ঘটনাকারীরা গ্রেপ্তার হবে বলে জানান তিনি।