এ যেন ধর্মীয় আবেগ, আত্মিক অনুভূতি আর অগাধ বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন। এই মেলবন্ধনের কেন্দ্রে একটি মসজিদ- যার নাম পাগলা মসজিদ। দান আর দানবাক্স যেন এই মসজিদের নিজস্ব পরিচিতির প্রতীক। এই একটি কারণেই কিশোরগঞ্জের ঐতিহাসিক এ মসজিদটি আলোচিত দেশ-বিদেশে। ঐতিহ্য আর জনশ্রুতি মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্র মহিমা। কিশোরগঞ্জ ছাড়াও দেশের প্রায় সব প্রান্তের মানুষ ছুটে যান এ মসজিদে। কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই নন, বিশ্বাসের টানে সেখানে যান অন্য ধর্মাবলম্বীরাও। বিশ্বাসের টানে আবেগের অর্ঘ্য জমা দেন মসজিদের দানবাক্সে। আর এভাবেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের দানে দানবাক্সগুলো যেন হয়ে ওঠে টাকার খনি। প্রতিবার দানবাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দানের পরিমাণ। টাকার হিসাবে হয় নতুন রেকর্ড।
এ কারণে প্রতিবারই বাড়ানো হয় দানসিন্দুকের সংখ্যা। এবারো তার ব্যতিক্রম হয়নি। নির্ধারিত ১০টি দানসিন্দুক খোলার আগেই পূর্ণ হয়ে যাওয়ায় দানবাক্স হিসেবে যুক্ত করা হয় আরও পাঁচটি ট্রাঙ্ক। এসব উপচে পড়ে কাড়ি কাড়ি টাকায়। ফলে এবারো দানবাক্সের টাকার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এবার পাওয়া গেছে এ যাবৎকালের সর্বোচ্চ ৫১ বস্তা টাকা। বস্তার এসব টাকা গণনা করে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। দান সিন্দুকগুলো শুধু টাকাতেই পূর্ণ ছিল না। ছিল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। সেসবও অন্যবারের চেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে সোনা ও রুপা। এবারই প্রথম পাওয়া গেছে একটি সোনার চামচ ও একটি সোনার বাটি।
এ ছাড়া, বৈদেশিক মুদ্রা হিসাবে পাওয়া দিনার, ইউরো, ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রার সংখ্যাও ছিল এবার সর্বোচ্চ। এ ছাড়া, মিলেছে মানতকারীদের ইচ্ছা পূরণের হাজারো চিঠি। শনিবার পাগলা মসজিদের এসব দানসিন্দুকগুলো খোলা হয়। সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্দুক এবং ৫টি ট্রাঙ্ক খোলার মধ্যদিয়ে টাকা গণনার কাজ শুরু করা হয়। লোহার সিন্দুকের সিলগালা খুলে প্রথমে টাকাগুলো বের করে বস্তায় ভরা হয়। এবার পাওয়া যাওয়া ৪৫ বস্তা টাকা একে একে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। মোট ৬৮০ জনের একটি বিরাট টিম টাকা গণনার কাজ করেন। পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ৩৯০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ এবং রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৫৯৪ জন টাকা ভাঁজ করা ও গণনার কাজ করেন। এআরবি, পুলিশ ও আনসার সদস্যরা তাদের সহায়তা করেন। টাকা গণনার এ এলাহী কাণ্ড তদারকি করেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার চার মাস ২৪ দিন পর এ মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়। এর আগে সর্বশেষ এ বছরের ২৭শে জুন দানসিন্দুক খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা; যা গণনা করে মিলে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার মসজিদের নির্দিষ্ট ১০টি দানসিন্দুক অন্তত দেড় মাস আগেই দানের টাকায় পূর্ণ হয়ে গিয়েছিল। বিভিন্ন কারণে সে সময় দানসিন্দুক খোলা হয়নি। তখন দান অব্যাহত রাখার সুবিধার্থে পাঁচটি বিশাল ট্রাঙ্ক যুক্ত করা হয়। সেসবও বিপুল দানে পূর্ণ হয়ে গিয়েছিল। শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দানসিন্দুক খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. জুবায়ের হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ মসজিদ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
টাকা গণনার কাজ চলার সময় সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। প্রতিবার দানবাক্সগুলো খুলে পাওয়া টাকা গণনা করে ব্যাংকে জমা রাখা হয়। এ ছাড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে জমা রাখা হয়। ৬ বছর পর গত ১২ই অক্টোবর সিলগালা খুলে গণনা করে ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৬ টাকা পাওয়া গেছে। স্বর্ণ এবং রুপার নিলাম কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের টাকা থেকে মসজিদ কমপ্লেক্সের এতিম ও অসহায় ছাত্রদের যাবতীয় খরচ বহন করা হয়। এই মাদ্রাসা থেকে ২৫৩ জন ছাত্র হাফেজ হয়েছেন। এ ছাড়া, জমা টাকার লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের অনুদান দেয়া হয়।
এদিকে, পাগলা মসজিদে মানুষ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি, কোরআন শরীফ ইত্যাদি দান করেন। এর মধ্যে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার মসজিদের দানসিন্দুকগুলোতে জমা পড়ে। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি, কোরআন শরীফ ইত্যাদি নিলামঘরে জমা দিতে হয়।
জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এ মসজিদটিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করার পর নাকি তাদের মনের আশা পূরণ হয়েছে। আর এ কারণেই দিন দিন দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির উপর এই মসজিদটি গড়ে উঠেছিল। সময়ের বিবর্তনে আজ এ মসজিদের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। বর্তমানে প্রায় ৬ একর ভূমির উপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে। স্বভাবতই ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন।
