গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গতকাল সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই র্যালি করেছে দলটি। শনিবার সকাল ১১টায়
নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়। র্যালিটি বিজয়নগর, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। উদ্বোধনী বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাগ্রে। তারা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। এমনকি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই সৃষ্টি করা আধুনিক সেনাবাহিনী।
র্যালি ঘিরে সকাল ৯টা থেকে ব্যানার, জিয়াউর রহমানের ছবি সম্বলিত ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টন বিএনপি’র কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন তারা।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, এদেশের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা এবং আজকের যে সেনাবাহিনী— এটিকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে তাদেরই জ্যেষ্ঠপুত্র তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, পরাজিত শক্তি, যারা অন্যের পদতলে নিজেদের আত্মসমর্পণ করেন, যারা ক্রীতদাস হয়ে কাজ করেন; যারা বলেন, তাদেরকে আমরা অনেক দিয়েছি। তারা মনে রাখবেন, দেশের মানুষের যে স্বাধীনতাকামী— তাদের চিন্তা, দেশের মানুষের স্বাধীনতার প্রতি যে আকাঙ্ক্ষা, সার্বভৌমত্বের প্রতীক— এটিকে যারা দুর্বল করেছে তাদের বিরুদ্ধে সশস্ত্রবাহিনী দিবস এবং জিয়াউর রহমানের যে অবদান— সেটি আজ মিলেমিশে একাকার হয়ে যায়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
