ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে ‘হেনস্তা’ ৯ বাস আটক

ফন্ট সাইজ:

বাসে হাফ ভাড়া দেয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ৯টি বাস আটকে দেন কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজের সামনে বাসগুলো আটক করে ক্যাম্পাসের ভেতরে নিয়ে আসেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি কলেজটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত শুক্রবার ইডেন কলেজের সামনে থেকে সাভার যাওয়ার জন্য নীলাচল পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। বাসে ওঠার আগে নিজের গন্তব্য জানানোর পর তাকে উঠতে বলা হয়। পরে শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে তিনি পরিচয়পত্র দেখান এবং নিয়মিত ভাড়ার ৩০ টাকা দেন। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

বৃষ্টি জানান, হাফ ভাড়ার কথা বললে বাসকর্মী তার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। এ সময় তাকে উদ্দেশ্য করে অপমানজনক কথাও বলেন ওই বাসকর্মী। বাসের অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন বৃষ্টি। ঘটনার পর বাসের ভেতরে অন্য যাত্রীরাও প্রতিবাদ জানান।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে নীলাচল পরিবহনের বাসগুলো আটক করেন ইডেনের শিক্ষার্থীরা। তাদের দাবি, অভিযুক্ত বাসকর্মীকে শনাক্ত করে ভুক্তভোগী ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ না করার নিশ্চয়তা দিতে হবে পরিবহন কর্তৃপক্ষকে। শিক্ষার্থীরা জানান, বাসের হেলপার ও চালকদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, অন্য পরিবহনগুলোর ক্ষেত্রেও একই ধরনের আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ চান তারা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বলেন, ঘটনার বিষয়টি শুক্রবার রাতেই লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। পরিবহন মালিক সমিতির সঙ্গেও কথা হয়েছে। শুধু কলেজের শিক্ষার্থী নয়, গণপরিবহনে কোনো নারীর সঙ্গেই যেন অসদাচরণ না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। বাস থেকে নামার সময় নারীদের শারীরিকভাবে হেনস্তার ঘটনাও ঘটে বলে উল্লেখ করে তিনি এ ঘটনার নিন্দা জানান।