ভবানীপুরে মমতার আসনে বিরোধীদলীয় নেতা শুভেন্দুকে প্রার্থী করল বিজেপি

ভবানীপুরে মমতার আসনে বিরোধীদলীয় নেতা শুভেন্দুকে প্রার্থী করল বিজেপি

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সব রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। চলছে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী বাছাই। ইতিমধ্যেই বামফ্রন্ট এবং বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বামফ্রন্ট বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১৯২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে বিজেপি ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

অবশ্য গতবারের জয়ী আসন নন্দীগ্রামেও প্রার্থী করা হয়েছে শুভেন্দুকে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজয়ের পর উপনির্বাচনে মমতা ভবানীপুর আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।

এবার ভবানীপুর আসন নিয়ে বিজেপির এই কৌশল প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মমতার আসনে শুভেন্দুকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসের দিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের অবশ্য বক্তব্য, শুভেন্দুকে এ যাত্রায় মমতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দলীয় নেতৃত্ব ওর পরাজয় নিশ্চিত করতে চেয়েছে। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস ‌সাংসদ সৌগত রায় ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করাকে গিমিক বলে অভিহিত করেছেন। তৃণমূল কংগ্রেস অবশ্য এদিন পর্যন্ত কোনও প্রার্থী তালিকা ঘোষণা করে নি।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাড সবুজ সংকেত দেয়ার পরই দল প্রার্থী তালিকা প্রকাশ করবে। সূত্রের খবর, গতবারের বিজয়ী বেশ কিছু বিধায়ককে বাদ দেয়া হতে পারে কাজের নিরিখে।

বিজেপি ১৪৪ টি আসনের যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে সমীক্ষা এবং সাংগঠনিক রিপোর্টের ভূমিকা স্পষ্ট ধরা পড়েছে। প্রথম তালিকায় বিজেপি ৮ জয়ী বিধায়ককে এবার আর প্রার্থী করেনি।

বিজেপি সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ টানাপড়েনে বিভ্রান্ত হতে চাননি কেন্দ্রীয় নেতৃত্ব। তারা যে জনমত সমীক্ষা এবং সাংগঠনিক সমীক্ষার আশ্রয় নিয়েছিলেন, সে সব সমীক্ষাই মূল ভূমিকা নিয়েছে প্রার্থীদের নাম চূড়ান্ত করার ক্ষেত্রে। রাজ্যের ওজনদার নেতাদের পছন্দ-অপছন্দও বেশ কিছু ক্ষেত্রে দূরে সরিয়ে রাখা হয়েছে সমীক্ষার ফলাফলের ভিত্তিতে। যে আটটি জয়ী আসনে প্রার্থী বদল করা হয়েছে, তার মধ্যে তিনটি উত্তরবঙ্গে, তিনটি রাঢ়বঙ্গে, বাকি দু’টি রাঢ় ঘেঁষা দক্ষিণবঙ্গে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর বাদ পড়ায় অনেকে বিস্মিত হয়েছেন।

বিজেপির প্রার্থী তালিকা হিন্দিতে প্রকাশিত হওয়া নিয়ে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ‘বাঙালি-অবাঙালি’ ভাষ্য ব্যবহার করে এসেছে। এই বিধানসভা ভোটে ‘বাংলার বঞ্চনা-বাঙালির বঞ্চনা’ আখ্যান নিয়েই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।

এদিকে, গতবারের নির্বাচনে একটি আসনেও জয়ী হতে না পারলেও বামফ্রন্টের প্রধান শরিক সিপিআইএম এবার তারুণ্যের ওপর নির্ভর করে প্রার্থী বাছাই করেছে। মিনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্র, সায়ন বন্দ্যোপাধ্যায়, সাম্য গঙ্গোপাধ্যায়ের মত সাবেক ছাত্র ও যুব নেতাদের প্রার্থী করা হয়েছে। মাধবপুরে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে। ঘোষিত আসনের মধ্যে সিপিআইএম ২৪০টি, ফরোয়ার্ড ব্লক ২১টি, আরএসপি ১৩টি, সিপিআই ১৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্টের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিপিআইএমএল লিবারেশন এবং আইএসএফ প্রার্থী দেবে বলে জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন