ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের কয়েকটি সমাবেশস্থলে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
গোষ্ঠীটির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা ওই এলাকায় ‘শত্রু সৌদি বাহিনী’ হিসেবে অভিহিত সেনাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি বাহিনীর ওপর হামলার তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সেনাদের কয়েকটি সমাবেশস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের বাহিনী।
তিনি দাবি করেছেন, এসব হামলায় কয়েক ডজন সৌদি সেনা নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া বিপুলসংখ্যক সামরিক যানবাহন ধ্বংস হয়েছে।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ লাহিজ। এর একদিকে এডেন এবং অন্যদিকে ইয়েমেনের পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ যোগাযোগপথ রয়েছে।
অঞ্চলটিতে হুতি বাহিনীর সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত এবং সৌদি আরবের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
ভৌগোলিক অবস্থানের কারণেও বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতিতে লাহিজের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার সঙ্গে অঞ্চলটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচল করে।
