ইউক্রেনকে দনবাস ছেড়ে দেয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস থেকে দেশটির অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেয়ার প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মস্কো সফর করেছেন যুক্তরাষ্ট্রের দূতেরা এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন।
ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হুমকি ঠেকাতে যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে কিয়েভ। তবে রাশিয়া বলেছে, তাদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্যদেশ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, মস্কোর দনবাস ছেড়ে দেয়ার দাবির পরও ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দিতে রাজি নয় বলে ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন জেলেনস্কি।

শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো এমন প্রশ্ন তোলা হয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তিনি সেটি গণভোটে দেবেন।
যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনা করেন তারা।

পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভূখণ্ড ও ইউক্রেনের নিরপেক্ষ অবস্থানের বিষয়ে মস্কোর দাবিগুলো এখনো কিয়েভের বিবেচনা করার সীমার অনেক বাইরে।

এর আগে শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

কিয়েভের যুক্তি, এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে রাশিয়ার যেকোনো আগ্রাসন প্রতিহত করার সক্ষমতা দুর্বল করে দেবে।

তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সমঝোতার কিছু সম্ভাবনাও দেখা গেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প খেরসন অঞ্চলে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করেন। এর ফলে ওই অঞ্চলে মানুষ সরিয়ে নেয়া এবং ত্রাণ সরবরাহের সুযোগ তৈরি হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার বাইরে। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর তার মনে হয়েছে, ‘ন্যাটো আবার আলোচনার এজেন্ডায় ফিরে এসেছে।’

তবে এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘পুতিনের বক্তব্যও আপনারা শুনেছেন। এটি অত্যন্ত কঠিন একটি আলোচনা।’

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাসের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বেশির ভাগ অংশ রয়েছে। এই দুই অঞ্চলে ইউক্রেন এখনো যে সামান্য ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, তা ছেড়ে দেয়া কিয়েভের জন্য প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ, এর অর্থ দাঁড়াবে দনবাসকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে মেনে নেয়া।

এর আগে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড এবং ২০১৪ সালে মস্কোর দখল ও সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছেন জেলেনস্কি।