দমে গেলো ভারতের জেন-জি আন্দোলন, নেপথ্যে কী?

দমে গেলো ভারতের জেন-জি আন্দোলন, নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

দিল্লির যন্তর মন্তরে জুলাই মাসে বিক্ষোভস্থলে উল্লাস ছড়িয়ে পড়েছিল। খবর এসেছিল, জেন-জি আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক বিক্ষোভকারী উচ্ছ্বসিত মুখে বলেছিলেন, ‘এটা তরুণদের বিজয়।’ কিন্তু তিন মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। এখন শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ করার সুযোগ পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

গত মাসে ভোটাধিকার নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিক্ষোভ করলে তার জবাবে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়। আটক করা হয় হাজার হাজার বিক্ষোভকারীকে।
গ্রীষ্মকালে ভারতের তরুণদের মধ্যে জমে থাকা গভীর অসন্তোষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে নতুন করে প্রতিবাদের ঢেউ উঠেছিল। দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন।
শক্তিশালী নেতা হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্য সমালোচনা কিংবা বিদ্রূপের সঙ্গে অভ্যস্ত নন। আন্দোলন সামাল দিতে গিয়ে তিনি বেশ চাপে পড়েছিলেন। তবে সরকারের ক্রমবর্ধমান কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইঙ্গিত দিচ্ছে, বিক্ষোভকারীদের কাছে বিরল ছাড় দেয়ার অভিজ্ঞতা থেকে সরকার শিক্ষা নিয়েছে। জনশৃঙ্খলার অজুহাতে এখন ভিন্নমত দমনে আরও কঠোর হচ্ছে তারা।
তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম কঠোর দমন-পীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বিবিসিকে তিনি বলেন, ‘বিক্ষোভের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানে স্বীকৃত। তবে তা আইনের মধ্যে থেকে প্রয়োগ করতে হবে। অন্যদের অধিকার কিংবা জননিরাপত্তার বিনিময়ে এই অধিকার প্রয়োগ করা যাবে না।’

মোদি সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ এটাই প্রথম নয়। তবে এবারের আন্দোলনের ব্যাপকতা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি রিসার্চের সাবেক সভাপতি এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ইয়ামিনি আইয়ার।

তিনি বলেন, ‘এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতি, লিঙ্গ কিংবা অর্থনৈতিক শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকি বিজেপির মূল সমর্থকগোষ্ঠীর কিছু অংশ—বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী নিম্ন আয়ের মানুষও—এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছেন।’

তরুণদের বিক্ষোভের ব্যাপকতা আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এর উপস্থিতি। দীর্ঘদিনের রাজনৈতিক নিষেধাজ্ঞা ভেঙে বিক্ষোভকারীরা অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীকে বিদ্রূপ করছেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের বামপন্থি একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী বিক্ষোভকারী সাখি (তারা নিজেদের জন্য ‘দে/দেম’ সর্বনাম ব্যবহার করেন) বলেন, ‘এটা শুধু হাসি-ঠাট্টার বিষয় নয়।’
তিনি বলেন, ‘আগের প্রজন্মের মানুষ যে প্রতিক্রিয়া বা পরিণতির ভয় অনুভব করেন, আমাদের প্রজন্মের মধ্যে সেই ভয় ততটা নেই। কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা হয়ে উঠেছে কৌতুক।’
ইয়ামিনি আইয়ারের মতে, মোদির বিরুদ্ধে আগের আন্দোলনগুলোও বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবে সেগুলোকে সমাজের সীমিত কিছু অংশের আন্দোলন হিসেবে দেখানো কিংবা ‘দেশবিরোধী’ আখ্যা দেয়া তুলনামূলক সহজ ছিল।

২০২০ সালে বিতর্কিত কৃষি সংস্কারের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে প্রবেশে বাধা দেয়া হয়। এরপর রাজধানীর সীমান্তে মাসের পর মাস বিক্ষোভ চলে। কখনো কখনো সংঘর্ষও হয়। এক বছর ধরে আন্দোলনের পর সরকার ওই সংস্কার বাতিল করতে বাধ্য হয়।

২০১৯ ও ২০২০ সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনও বিচার বিভাগের ক্ষমতা প্রয়োগের একটি বড় উদাহরণ। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হলে কী ধরনের আইনি পদক্ষেপ নেয়া হতে পারে, তা ওই আন্দোলনের পরিণতিতে স্পষ্ট হয়ে ওঠে।

দিল্লিতে সংঘর্ষে ৫৩ জন নিহত হওয়ার পর শিক্ষার্থী আন্দোলনকর্মী উমর খালিদকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। নিহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। খালিদকে ওই সহিংসতার ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়। বিচার শুরু না হয়েই তিনি ছয় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
খালিদের সঙ্গী লাহিড়ী বিবিসিকে বলেন, তাদের কোনো অনুশোচনা নেই। তবে ওই পরিস্থিতি সমাজে ‘এক ধরনের ভয় তৈরি করেছে, যা এখনো বিরাজ করছে’।

লাহিড়ী বলেন, ‘আমরা এখন এক অন্ধকার, শূন্যতার জালের দিকে তাকিয়ে আছি। কারণ, এর শেষ কোথায়, তা আমরা জানি না।’ চলতি মাসে খালিদের সর্বশেষ আপিল দায়ের করা হয়েছে।
ইয়ামিনি আইয়ার মনে করেন, বর্তমান আন্দোলনকে ‘অবৈধ’ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে বিরোধীদের বিরুদ্ধে পুরোনো কৌশল ব্যবহার করা হচ্ছে। তবে আগের মতো জোরালোভাবে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তারপরও গ্রীষ্মের সেই গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে তরুণদের আন্দোলন।
ককরোচ জনতা পার্টির নেতাদের মধ্যে মুখপাত্র সৌরভ দাসসহ কয়েকজন বারবার আটক ও আইনি পদক্ষেপের মুখে পড়েছেন। যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে দাস ও আরেক নেতা আশুতোষ রানকাকে দিল্লির তিহার কারাগারে এক সপ্তাহ থাকতে হয়েছে।

গ্রীষ্মে যে যন্তর মন্তরে আন্দোলনকারীরা বিজয় উদ্যাপন করেছিলেন, সেই স্থানটি এখন অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

বামপন্থি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভকারীরাও নির্দেশ অমান্যের অভিযোগে পুলিশের পদক্ষেপের মুখে পড়েছেন।
সৌরভ দাস বলেন, ‘আমরা কোনো ধরনের দমন-পীড়নের আশঙ্কা করছিলাম।’ তার ভাষায়, ‘গ্রীষ্মের পর সরকার অনেক কিছু শিখেছে।’

আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মামলার বিচারপ্রক্রিয়াই বিক্ষোভকারীদের মধ্যে ভীতিকর প্রভাব ফেলতে পারে। লয়েড ল কলেজের সহকারী অধ্যাপক আলী খান বলেন, ‘অনেক মামলার শেষ পর্যন্ত খালাস হতে পারে। কিন্তু এতে বছরের পর বছর লেগে যেতে পারে। বিচারপ্রক্রিয়াটাই শাস্তিতে পরিণত হয়। আর তা বিক্ষোভকারীদের নিরুৎসাহিত করতে পারে।’

সংবিধানবিষয়ক আইনজীবী বৃন্দা গ্রোভার, যিনি ককরোচ জনতা পার্টিকে আইনি পরামর্শ দিচ্ছেন, তার মতে বিক্ষোভের ওপর বিধিনিষেধ এখন অতিরিক্ত মাত্রায় বেড়েছে।
বিজেপি অবশ্য শান্তিপূর্ণ ভিন্নমত দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সৈয়দ জাফর ইসলাম বিবিসিকে বলেন, ‘কেবল কয়েকজন মানুষ বিক্ষোভ করতে চান বলে অন্য নাগরিকদের অধিকার খর্ব করা কিংবা সহিংসতার জন্য দায়ী হওয়া যায় না।’

অনলাইনেও ভিন্নমত প্রকাশ ঝুঁকিমুক্ত নয়। সাখির ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টগুলো লক্ষ্য করে অপমানজনক মন্তব্য ও ট্রান্সজেন্ডারবিদ্বেষী আক্রমণ চালানো হয়েছে। বিবিসি এমন কিছু পোস্ট দেখেছে, যেখানে তাকে সহিংসতা ও ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

কখনো কখনো এসব কারণে বিক্ষোভে অংশ নিতে দ্বিধায় পড়েন সাখি। এমনকি নিজের পোশাকের ধরনও পরিবর্তন করতে হয় তাকে। সাখির দাবি, তার কিছু কনটেন্ট লাখ লাখ ভিউ পাওয়ার পর সরিয়ে দেয়া হয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ব্লক করার নির্দেশ দিতে পারে। এক্স ও ইনস্টাগ্রামে দেয়া বিভিন্ন নোটিশে ভারতে কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার বিষয়টি দেখা গেছে।