শুক্রবার যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ করে দেয়ার পেছনে যেসব সমস্যা দায়ী, সেগুলোর সমাধান শুধু পুরোনো অবকাঠামো আধুনিকায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। এমন মন্তব্য করেছেন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড সুচি। কর্মকর্তারা পুরোনো ও অতিরিক্ত চাপের মুখে থাকা প্রযুক্তি ব্যবস্থাকে এ বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করার পর তিনি এ কথা বলেন।
সিএনএনকে সুচি বলেন, প্রকৃত চ্যালেঞ্জ হলো এসব ব্যবস্থার মধ্যে পারস্পরিক সংযোগ এবং একে অপরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দেশজুড়ে বিমান চলাচল বন্ধের জন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটারকে দায়ী করেছেন। তিনি জানান, এ ঘটনা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এতে কেবল পুরোনো প্রযুক্তির সরঞ্জামগুলোই আক্রান্ত হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, গত বছর কংগ্রেস ১২.৫ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদন করার পর এফএএ তাদের প্রযুক্তি ব্যবস্থার ব্যাপক সংস্কার শুরু করে। এর অংশ হিসেবে ইতিমধ্যে হাজার হাজার তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক লাইন স্থাপন করা হয়েছে এবং শত শত রেডিও ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। তবে সুচি বলেন, পুরোনো তামার তার বদলে নতুন প্রযুক্তি স্থাপন করলেও নতুন ধরনের দুর্বলতা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে তামার তার ব্যবহারের পেছনে নির্দিষ্ট কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
সুচি বলেন, তামার তার পরিবর্তন করা যায় না। এতে কোনো রকম পরিবর্তন আনা যায় না। এটি হ্যাকও করা যায় না। ফলে এসব পরিবর্তন করে এমন একটি স্থিতিশীল ব্যবস্থা বজায় রাখা, যা সাইবার হামলার ঝুঁকিতে থাকবে না, মোটেও সহজ কাজ নয়। তিনি আরও বলেন, এমনকি পুরো ব্যবস্থাটি যদি সম্পূর্ণ ডিজিটাল হতো, সবকিছু একেবারে নতুন থাকত, তাহলেও তামার তারের ক্ষেত্রে আগে যে দুর্বলতা ছিল না, নতুন ব্যবস্থায় সেসব নতুন দুর্বলতা তৈরি হতো।
সুচির মতে, ব্যবস্থাগুলো কীভাবে একসঙ্গে কাজ করে, তার মৌলিক কাঠামোও অত্যন্ত জটিল। কারণ, প্রতিটি ব্যবস্থা অন্যটির ওপর নির্ভরশীল। এসবের মধ্যে সমন্বয় করতে বিপুল পরিমাণ কাজ ও পরিকল্পনা প্রয়োজন।
