আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে—এমন দেশগুলোকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ওয়াশিংটনকে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। এ ক্ষেত্রে পাকিস্তান, মিশর ও সৌদি আরবের উদাহরণ টেনেছেন তিনি।
করদাতাদের অর্থের প্রসঙ্গ তুলে প্রগতিশীল ডেমোক্রেট এই নেতা বলেছেন, কোনো দেশকেই শর্তহীন বিদেশি সহায়তা দেয়া উচিত নয়।
পিবিএস নিউজআওয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, ‘আমি আমার করের টাকা দিই না মিশর সরকারকে ট্যাংক দেয়ার জন্য, কিংবা পাকিস্তান সরকার বা সৌদি আরব সরকারকে দেয়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘নীতিগতভাবে কোনো দেশকে শর্তহীন সামরিক সহায়তা দেয়ার পক্ষে আমি নই।’
এ বিষয়ে এই প্রথম নিজের অবস্থান জানালেন না নবনির্বাচিত এই সিনেটর। চলতি সপ্তাহের শুরুতে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে—এমন দেশগুলোকে সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মকাণ্ডও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
একই সঙ্গে বলেন, বিষয়টি শুধু ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না।
এল-সায়েদ বলেন, ‘আমরা কীভাবে নিশ্চিত করব যে আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদেরও জবাবদিহির আওতায় রাখছি? বিষয়টি শুধু ইসরাইলকে নিয়ে নয়। মিসরের ক্ষেত্রেও আমি একই অবস্থান নিই, যে দেশ থেকে আমার পরিবারের সদস্যরা অভিবাসী হয়ে এসেছেন। পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও আমার অবস্থান একই। আন্তর্জাতিক আইন কার্যকর করার ক্ষেত্রে আমাদের সবার আগে এগিয়ে থাকতে হবে।’
২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েন প্রগতিশীল ডেমোক্রেট এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হন।
