বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। প্রথমার্ধে দুই দল একাধিক আক্রমণ করে গোলের দেখা পায়নি। দুই দলের শটই পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের শুরুতে দাপট দেখায় পাকিস্তান। দুই মিনিটের মধ্যে দুটি ভালো আক্রমণ করে তারা। শমিত সোমের একটি মিস পাস থেকে শুরু হওয়া ওই আক্রমণে লক্ষ্যে শটও নেয় পাকিস্তান। তবে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভে বিপদমুক্ত করেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। আত্মবিশ্বাসী শুরুর বিপরীতে বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও খেলার চিত্র বদলাতে দেরী হয়নি। সপ্তম মিনিটে কাজেম শাহ লক্ষ্যে শট নিলেও সেটি ছিল বেশ দুর্বল।
প্রথম ১০ মিনিটের পর খেলা এগোয় সমানে সমান। বাংলাদেশ কয়েকটি আক্রমণে উঠলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে। পাকিস্তানি ডিফেন্ডারদের শারীরিক শক্তির সামনে যেন কুলিয়ে উঠতে পারছিল না ফরোয়ার্ডরা। ২৬ মিনিটের সময় শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত এক শট নেন রাকিব। জোরালো সেই শট প্রথমে রুখে দেন পাকিস্তানের গোলকিপার। কিন্তু তাঁর হাত থেকে ছুটে যাওয়া বল গিয়ে লাগে পোস্টে, ফলে গোলবঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে। ৩০ মিনিটে কুলিং ব্রেকের পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তারিক কাজীর মার্কিংয়ে ভুল থাকায় ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। তাঁর নেয়া শট পোস্টে লাগলে নিশ্চিত গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের পরিসংখ্যান বলছে, ৫৯ শতাংশ বলের দখল রেখে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ।
