গত দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধি অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন তিনি।
বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।
গভর্নর বলেন, গেল ১০ বছরে টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে, অর্থাৎ প্রতিবছর গড়ে ৬ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাইলে কম দামে আমদানিকারকদের ডলার সরবরাহ সম্ভব।
গভর্নর বলেন, দায়িত্ব নেয়ার সময় মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। সে সময় নীতি সুদহারও বেশি রাখতে হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি, তা আরও কমানোর চেষ্টা চলছে।
গভর্নর বলেন, মূল্যস্ফীতির একটি বড় উপাদান হলো বিনিময় হারের অবমূল্যায়ন। আমদানি করা পণ্য ছাড়াও দেশের উৎপাদনে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের দাম বেড়েছে। বিনিময় হারের এই অবমূল্যায়নের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে গিয়ে পড়ে। তিনি বলেন, প্রকৃত কার্যকর বিনিময় হার (রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট) হিসাবের ক্ষেত্রে অনেকেই ২২ থেকে ২৩ ধরে থাকেন। তবে এটি ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।
বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি না বাড়ার এক অন্যতম কারণ উচ্চ সুদহার- এমন মন্তব্য করে আগামীতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দেন গভর্নর। এছাড়া যেকোনো উপায়ে বন্ধ কল-কারখানা সচল করার তাগিদ দেন ব্যাংকগুলোকে।
মোস্তাকুর রহমান বলেন, ২০২৪ সালে দায়িত্ব নেয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি ভালো ছিল না। বেসরকারি খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও নেতিবাচক অবস্থা বিরাজ করছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক খাতের সংকট। এ খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে।
ব্যাংক খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ খাত পুনর্গঠনে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেয়ার অনুরোধ জানিয়েছি। পাঁচ থেকে আট বছর এ অর্থ দিতে হতে পারে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ, এর দায় নিতে হবে পরবর্তী প্রজন্মকে।
ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, আমদানিকারকরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার সঙ্গে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ জায়গায় কিছুটা ছাড় দেওয়া গেলে আমদানিকারকের খরচ কমবে। ডলারের দাম ৫০ পয়সা কমলেও তার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়তে পারে। তাই ব্যাংকগুলোকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অর্থায়নের সঙ্গে সঙ্গে বিনিয়োগের আরেকটি বড় বাধা হচ্ছে জ্বালানি সমস্যা। অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নাই। প্রস্তুতি নেয়া হচ্ছে আগামী বছরের জন্যও।
