দিল্লি যাচ্ছেন পাক মন্ত্রী, ঘোষণা ইসলামাবাদের

দিল্লি যাচ্ছেন পাক মন্ত্রী, ঘোষণা ইসলামাবাদের

ফন্ট সাইজ:

ভারতের রাজধানী দিল্লিতে আগামী ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে’ যোগ দিচ্ছেন পাকিস্তানি মন্ত্রী। শনিবার এক ঘোষণায় পাক সরকার জানিয়েছে, তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিককে দিল্লি পাঠাচ্ছে।

এর এক দিন আগে শুক্রবার ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তান তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে তিনি ‘আশাবাদী’।

সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে শনিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘পাকিস্তান সরকার ২০২৬ সালের ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এসসিও ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে’ পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য ড. মুসাদিক মাসুদ মালিককে মনোনীত করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অনুষ্ঠানে এসসিও সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে’ ও সাংস্কৃতিক বোঝাপড়ার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নেয়া এবং এসসিও কাঠামোর আওতায় জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এই ফোরামে যোগ দিতে পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।

২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’কে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর পাকিস্তানের কোনো জ্যেষ্ঠ মন্ত্রীকে এ ধরনের আমন্ত্রণ জানানোর ঘটনা এটিই প্রথম।
ভারত সরকারের দাবি, ‘অপারেশন সিন্দুর’ এখনো চলমান।

পাকিস্তানের মন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে ২০২৩ সালের মে মাসের পর প্রথমবার ভারতের আয়োজিত কোনো এসসিও বৈঠকে পাকিস্তানের মন্ত্রী যোগ দিতে যাচ্ছেন।