মুসলিম আমেরিকানদের কাছে আল-সায়েদের রাজনৈতিক যাত্রার তাৎপর্য

ডেইলি সাবাহ’র নিবন্ধ

মুসলিম আমেরিকানদের কাছে আল-সায়েদের রাজনৈতিক যাত্রার তাৎপর্য

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের রাতে অনেক মুসলিম পরিবারের নজর ছিল একটি অঙ্গরাজ্যের ফলাফলের দিকে। সেটি হলো মিশিগান। যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে এই অঙ্গরাজ্যেই উচ্চপর্যায়ের সরকারি পদে মুসলিম নেতাদের উত্থানের এক ঐতিহাসিক অধ্যায় প্রত্যক্ষ করছে দেশটি। প্রগতিশীল মুসলিম-আমেরিকান চিকিৎসক আবদুল আল-সায়েদ যখন ডেমোক্রেট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে লড়েছেন, তখন তার প্রচারণা কেবল একটি সরকারি পদে যাওয়ার চেষ্টা ছিল না। বরং তা ছিল সংখ্যালঘু জনগোষ্ঠীর আকাক্সক্ষা, উদ্বেগ ও রাজনৈতিক জাগরণের প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিচ্ছিন্নতার অভিজ্ঞতায় থাকা মুসলিম আমেরিকানদের কাছে আল-সায়েদ নেতৃত্বের এক নতুন ভাষা তুলে ধরেছেন। বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝাতে তার প্রার্থিতা নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়ার ওপর পরিচালিত একটি গবেষণার কিছু ফলাফল তুলে ধরতে চাই।

তার নির্বাচনী প্রচারণাকে ঘিরে জনসাধারণের প্রতিক্রিয়ার ১৩০টি প্রোফাইলের একটি ডিজিটাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে আমরা বুঝতে চেষ্টা করেছি, যুক্তরাষ্ট্রের সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে চাওয়া নতুন প্রজন্মের তরুণদের কাছে তার রাজনৈতিক উপস্থিতির অর্থ কী। পাশাপাশি এসব প্রতিক্রিয়ার উৎস অনুসন্ধান করেছি। বিশেষ করে পদ্ধতিগত পক্ষপাত, যেমন ইসলামবিদ্বেষ, কীভাবে একজন মুসলিম নেতার রাজনৈতিক সম্ভাবনা সম্পর্কে জনমতকে প্রভাবিত করে এবং তার প্রকাশ্য উপস্থিতি ও প্রতিনিধিত্ব কীভাবে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে, তা খতিয়ে দেখেছি।

এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং জনসাধারণের দৃষ্টিভঙ্গি বুঝতে আমরা তিন ধাপের একটি সহজ গবেষণাপদ্ধতি অনুসরণ করেছি। প্রথমত, মধ্যবর্তী নির্বাচনের দিন রেডিটে প্রকাশিত ১৩০টি জনমত সংগ্রহ করেছি। কারণ, এগুলো ছিল নির্বাচনের সময়কার তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

দ্বিতীয়ত, প্রতিটি মন্তব্যের আপভোটের সংখ্যা পর্যবেক্ষণ করেছি। রেডিটে আপভোটের অর্থ হলো, আলোচনায় অংশ নেয়া পাঠকরা মন্তব্যটির সঙ্গে একমত, সেটিকে বিশ্বাসযোগ্য মনে করেন অথবা আলোচনায় মূল্যবান অবদান হিসেবে বিবেচনা করেন। বেশি আপভোট পাওয়া মানে সংশ্লিষ্ট অনলাইন কমিউনিটির ব্যাপক সমর্থন।

সবশেষে, পাইথনভিত্তিক একটি সাধারণ কোডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিক্রিয়াগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছি- ইতিবাচক, নেতিবাচক ও নিরপেক্ষ।

আত্মরক্ষা থেকে নেতৃত্বের পথে: যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে মুসলিমদের নাগরিক অংশগ্রহণ মূলত আত্মরক্ষামূলক ছিল। ৯/১১-পরবর্তী নজরদারির বিরোধিতা এবং মৌলিক নাগরিক অধিকার সুরক্ষার বিষয়গুলোই ছিল এর প্রধান লক্ষ্য। আল-সায়েদ এই চিত্র পুরোপুরি বদলে দিয়েছেন। জনসাধারণের আলোচনার ওপর আমাদের বিশ্লেষণে তার প্রার্থিতার প্রতি উল্লেখযোগ্য গঠনমূলক ও প্রাণবন্ত সমর্থন দেখা গেছে। বিশ্লেষণ করা আলোচনার ৭৯ দশমিক ২ শতাংশে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। বাকি ২০ দশমিক ৮ শতাংশ ছিল নিরপেক্ষ। সম্পূর্ণ বিরূপ প্রতিক্রিয়ার হার ছিল শূন্য। কমিউনিটির অংশগ্রহণ ছিল ব্যাপক ও সহযোগিতাপূর্ণ।

প্রতিটি মন্তব্যে গড়ে ৭১ দশমিক ৫টি আপভোট পাওয়া গেছে। সর্বোচ্চ সমর্থনের ক্ষেত্রে কোনো কোনো মন্তব্যে আপভোটের সংখ্যা ১৪৯ পর্যন্ত পৌঁছেছে। আমাদের তথ্যভাণ্ডারে একজন স্থানীয় বাসিন্দা লিখেছেন, ‘আমি ফ্লিন্টের বাসিন্দা। সেখানে যা ঘটেছিল, তা আমরা কখনো ভুলব না। জনস্বাস্থ্য বিষয়ে তার অভিজ্ঞতা অনেক কিছুই বলে দেয়। ডেট্রয়েটে আমাদের সত্যিই এই পরিবর্তন প্রয়োজন।’ আরেকজন পর্যবেক্ষক দেখিয়েছেন, কীভাবে আল-সায়েদের নীতিগত অবস্থান তার ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে বৃহত্তর কাঠামোগত সমস্যার যোগসূত্র তৈরি করেছে। তিনি লিখেছেন, ‘পরিচয়ের চেয়ে নীতি বেশি গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত পরিবেশগত ন্যায়বিচার নিয়ে তার নীতিগুলো অসাধারণ।’

সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসলিম তরুণদের কাছে মিশিগানের ফ্লিন্টে বিশুদ্ধ পানির নিশ্চয়তা কিংবা সর্বজনীন স্বাস্থ্যসেবার পক্ষে একজন নেতার অবস্থান দেখার অর্থ হলো তাদের ধর্মের মূল শিক্ষা, যেমন পৃথিবী ও সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব (খিলাফাহ) এবং ন্যায়বিচার (আদল), কীভাবে সর্বজনীন ও মানবিক জননীতিতে রূপ নিতে পারে, তা প্রত্যক্ষ করা। এটি তরুণদের শেখায়, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে নিজেদের পরিচয়ের সঙ্গে আপস করার প্রয়োজন নেই। বরং বিভক্ত সমাজকে সুস্থ করে তোলার ক্ষেত্রে তাদের পরিচয়ই শক্তির উৎস হতে পারে।

ইসলামবিদ্বেষের ফাঁদ: জনস্বাস্থ্য বিষয়ে চিকিৎসক হিসেবে আল-সায়েদের শক্তিশালী পেশাগত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার পরিচয় তাকে নানা অপ্রকাশ্য পক্ষপাতের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। তার নির্বাচনী প্রচারণাকে ঘিরে আলোচনায় প্রায়ই কাঠামোগত দ্বিধা দেখা গেছে। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য মুসলিম নেতার জন্য ‘প্রস্তুত’ কি না, সে প্রশ্নকে উদ্বেগের আড়ালে তুলে ধরা হয়েছে। আমাদের বিশ্লেষণে দেখা গেছে, আলোচনার ৬৬ দশমিক ২ শতাংশই মিশিগানকেন্দ্রিক। এসব আলোচনায় ফ্লিন্ট, ডেট্রয়েট ও ল্যানসিংয়ের স্থানীয় উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে। অন্যদিকে ৩৩ দশমিক ৮ শতাংশ আলোচনা ছিল জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে। এসব আলোচনায় কাঠামোগত দ্বিধার প্রতিফলন ঘটানো বিভিন্ন বাক্য ও শব্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এর মধ্যে ছিল অঙ্গরাজ্যটির দলীয় প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রক্রিয়া, যেখানে প্রতিষ্ঠিত ও দলীয় নেতৃত্বের পছন্দের প্রার্থীদের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যটিতে সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে।

নির্বাচনে জয়ী হওয়ার ‘সক্ষমতা’ নিয়ে এই ফাঁদ দৈনন্দিন জীবনের সূক্ষ্ম ইসলামবিদ্বেষেরই একটি প্রকাশ। এর মধ্য দিয়ে এমন ধারণা দেয়া হয় যে একজন প্রার্থীর ধর্মীয় পরিচয় তার রাজনৈতিক সম্ভাবনার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটি প্রতিবন্ধকতা। বিদ্যালয় ও কর্মক্ষেত্রে প্রতিদিন নানা ধরনের সূক্ষ্ম বৈষম্যের মুখোমুখি হওয়া মুসলিম তরুণদের কাছে এই আলোচনা তাদের নিজেদের অভিজ্ঞতারই প্রতিফলন। তাদের মনে হয়, কেবল ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচিত হওয়ার জন্যই অন্যদের তুলনায় দ্বিগুণ যোগ্যতার প্রমাণ দিতে হয়। সব মিলিয়ে আল-সায়েদের নির্বাচনী প্রচারণা যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম শিশুদের কাছে একটি সহজ অথচ শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে: যেসব জায়গায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়, সেখানেও তোমাদের থাকার অধিকার রয়েছে। তার দৃশ্যমান উপস্থিতি মুসলিম নেতৃত্বকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তুলছে। নির্বাচনে জয়ী হওয়া মানে কেবল একটি সরকারি পদ পাওয়া নয়। এর অর্থ একটি প্রজন্মের কল্পনা ও প্রত্যাশাকে নতুনভাবে গড়ে তোলা। ডেট্রয়েট, শিকাগো কিংবা নিউইয়র্কের কোনো মুসলিম শিশুকে এটি আশ্বস্ত করে যে তার পারিবারিক ও সাংস্কৃতিক পরিচয় স্বপ্নপূরণের পথে বাধা নয়, বরং শক্তির উৎস।

তথ্য-উপাত্তে আশার প্রতিফলন: আমাদের গবেষণার সংখ্যাগুলো শুধু শব্দ গণনা কিংবা প্রতিক্রিয়ার ধরন নির্ধারণ করে না; এগুলো একটি কাঠামোগত পরিবর্তনের গল্পও তুলে ধরে। ইতিবাচক মনোভাবের ৭৯ দশমিক ২ শতাংশ হার এবং প্রতিটি মন্তব্যে গড়ে ৭১ দশমিক ৫টি আপভোটের মাধ্যমে প্রকাশ পাওয়া ব্যাপক জনসমর্থন দেখায়, মানুষ এমন নেতৃত্বের প্রতি আগ্রহী, যার ভিত্তি প্রকৃত নীতি ও জনকল্যাণ; লোকদেখানো প্রতীকী প্রতিনিধিত্ব নয়। মিশিগানের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটিকে ঘিরে ৬৬ দশমিক ২ শতাংশ স্থানীয় আলোচনায় ‘নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা’ নিয়ে যে উদ্বেগ দেখা গেছে, সেটিও এমন একটি কমিউনিটির প্রতিফলন, যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে সম্পৃক্ত, সতর্ক ও কৌশলগতভাবে চিন্তাভাবনা করছে। মুসলিম আমেরিকানদের নতুন প্রজন্মের কাছে ড. আবদুল আল-সায়েদের রাজনৈতিক যাত্রা প্রমাণ করে, নিজস্ব পরিচয় ও প্রগতিশীল জনসেবা পাশাপাশি চলতে পারে। টিকে থাকার লড়াই থেকে নেতৃত্বের পথে আলোচনাকে এগিয়ে নিয়ে এই আন্দোলন আশার এক স্থায়ী দৃষ্টান্ত তৈরি করেছে।
(লেখক পিএইচডি ডিগ্রিধারী। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলভিত্তিক সমাজবিজ্ঞানী ও তথ্যবিজ্ঞানী। সামাজিক গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং আন্তঃবিষয়ক গবেষণায় তিনি বিশেষজ্ঞ)