সাবেক সোভিয়েত মিত্রদের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণের পরীক্ষা মস্কো শীর্ষ সম্মেলন

আল জাজিরার প্রতিবেদন

সাবেক সোভিয়েত মিত্রদের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণের পরীক্ষা মস্কো শীর্ষ সম্মেলন

ফন্ট সাইজ:

আগামী বুধবার কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) একটি অধিবেশন হবে। এতে সভাপতিত্ব করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর এই শীর্ষ নিরাপত্তা সম্মেলনে আর্মেনিয়ার সাথে ক্রেমলিনের উত্তেজনাকর সম্পর্ক সামনে আসবে। সিএসটিও রাশিয়া-নিয়ন্ত্রিত সাবেক সোভিয়েত সামরিক জোট। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এই জোটে আর্মেনিয়ার অংশগ্রহণ স্থগিত রয়েছে। খাতা কলমে সদস্যপদ থাকলেও আর্মেনিয়া জোটের কার্যক্রমে অংশ নেয় না।

আজারবাইজানের কাছে যুদ্ধে হেরে যাওয়ার পর তারা কার্যকরভাবে জোটটি বয়কট করেছে। সংঘাতের সময় অর্থবহ সমর্থন দিতে ব্যর্থ হওয়ায় ইয়েরেভান এই জোটকে দায়ী করে। গত সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আর্মেনিয়া কার্যত সিএসটিওর কার্যক্রমে অংশ নেয় না এবং পরবর্তীতে কী হবে তা জোটের অভ্যন্তরীণ আলোচনার ওপর নির্ভর করবে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ৫ নভেম্বর জানান, সিএসটিওর প্রতি তাদের আগ্রহ ফুরিয়ে গেছে।

নাগোর্নো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সাথে ২০২০ সালের যুদ্ধের সময় সিএসটিও তার মূল নীতি মেনে চলতে ব্যর্থ হয়। সনদে সাহায্যের কথা উল্লেখ থাকলেও রাশিয়া বা অন্যান্য সদস্য রাষ্ট্র বেলারুশ এবং মধ্য এশিয়ার তিনটি দেশ কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান আর্মেনিয়াকে সাহায্য করার জন্য কোনো সেনা পাঠায়নি। তবে আর্মেনিয়ায় রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার সেনা ও সীমান্তরক্ষী মোতায়েন আছে। ১৯৯৯ সালে সিএসটিও থেকে বেরিয়ে যাওয়া আজারবাইজান রাশিয়ার কাছ থেকে কোটি কোটি ডলারের নতুন অস্ত্র কিনেছিল। পাশাপাশি তারা তুরস্ক ও ইসরাইলের তৈরি ড্রোন এবং নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করে। ২০১৮ সালে রাশিয়া-সমর্থিত আর্মেনীয় নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর ক্ষমতায় আসা পাশিনিয়ানের ক্রেমলিন-বিরোধী অবস্থান মস্কোর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়েরেভান এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ারও চেষ্টা করছে।

মলদোভা-ভিত্তিক মধ্য এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ গালিয়া ইব্রাগিমোভা আল জাজিরাকে জানান, সিএসটিও-তে আর্মেনিয়ার ভোটাধিকার কেড়ে নেয়ার পদক্ষেপটি একটি প্রদর্শনমূলক শাস্তির মতো। তিনি আরও জানান, অন্যান্য সিএসটিও দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিকভাবে বেশি নির্ভরশীল হওয়ায় তারা চুপ থাকবে। লন্ডন-ভিত্তিক সেন্ট্রাল এশিয়া ডিউ ডিলিজেন্স থিংক ট্যাংকের প্রধান আলিশের ইলখামভ আল জাজিরাকে জানান, ইয়েরেভানের এই পদক্ষেপের সময়টি গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবকাঠামোতে ইউক্রেনের হামলা ও আসন্ন মন্দার কারণে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন সিএসটিও কতটা অকার্যকর তা প্রমাণ করেছে, কারণ কোনো সদস্য রাষ্ট্রই মস্কোকে সামরিকভাবে সমর্থন করেনি। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক আগে, ২০২২ সালের জানুয়ারিতে কাজাখস্তানে ব্যাপক বিক্ষোভের পর রাশিয়া সেখানে হাজার হাজার শান্তিরক্ষী পাঠিয়েছিল। ইব্রাগিমোভা মনে করেন, ইউক্রেন যুদ্ধে মস্কোর ব্যর্থতা রাশিয়ার রাজনৈতিক ও সামরিক শক্তিকে একটি মিথ বা কল্পকাহিনীতে পরিণত করেছে। তিনি জানান, সিএসটিও সদস্য রাষ্ট্রগুলো ছাড়ে যেসব আধুনিক রুশ অস্ত্র কেনে, সেগুলো আসলে অনেক পুরোনো এবং রাশিয়ার জন্য অপ্রয়োজনীয়। এরই মধ্যে মধ্য এশিয়া এবং দক্ষিণ ককাসাসের সাবেক সোভিয়েত দেশগুলো সামরিক মিথস্ক্রিয়ার নতুন উপায় খুঁজে বের করেছে। এর মধ্যে একটি হলো তুরস্কের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব টার্কিক স্টেটস, যেখানে আজারবাইজান এবং মধ্য এশিয়ার তিনটি দেশ রয়েছে।

গত সেপ্টেম্বরের শেষের দিকে উজবেকিস্তান, আজারবাইজান এবং তুরস্কের হাজার হাজার অভিজাত সেনা নাগোর্নো-কারাবাখ এবং কাস্পিয়ান উপকূলে যৌথ মহড়া চালায়। ২০২৫ সালের অক্টোবরে আজারবাইজান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান যৌথ মহড়া করে। ৩ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ উজবেকিস্তানকে সিএসটিওতে ফেরাতেও মস্কো ব্যর্থ হয়েছে। দেশটি ১৯৯৯ সালে জোট ছেড়েছিল, ২০০৬ সালে আবার যোগ দেয় এবং ২০১২ সালে সদস্যপদ স্থগিত করে পর্যবেক্ষক রাষ্ট্রের ভূমিকা বেছে নেয়। ইলখামভ জানান, আজারবাইজান এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর অসন্তোষের লক্ষণগুলোতে মস্কো বিরক্ত হলেও তারা কেবল মৌখিকভাবেই অসন্তোষ প্রকাশ করতে পারে। অদূর ভবিষ্যতে মস্কো এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারবে না।

ইলখামভ জানান, উজবেক প্রেসিডেন্ট শাভকাত মির্জিইয়োয়েভ পশ্চিমের দিকে তার পদক্ষেপগুলোর ক্ষতিপূরণ হিসেবে মস্কোর প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করেন। তিনি ৯ মে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন এবং রাশিয়ার সাথে যৌথ মহড়ায় উজবেক সেনা পাঠান। তবে তিনি অক্টোবরের মাঝামাঝি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো পশ্চিমা নেতাদেরও স্বাগত জানান। ইব্রাগিমোভা জানান, রুশ কর্মকর্তারা উজবেকিস্তানকে ফিরে আসার ইঙ্গিত দিলেও দেশটি কখনোই জোটে ফেরেনি। ইউএস-বৃটিশ থিংক ট্যাংক নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস সেন্টারের সহযোগী ফেলো রুসলান সুলেমানভ আল জাজিরাকে জানান, মস্কো শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে একমাত্র বাস্তব বিষয় হলো আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি।

রুশ কর্মকর্তারা এ বছর সতর্ক করে জানান, আফগানিস্তানে ২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠীর ২৩ হাজার পর্যন্ত যোদ্ধা কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো আইএসকেপি, যারা কয়েকটি আফগান প্রদেশে সক্রিয়। সুলেমানভ জানান, গোষ্ঠীটি মধ্য এশিয়া, বিশেষ করে তাজিকিস্তান থেকে তরুণদের নিয়োগ করে। এই গোষ্ঠীর কার্যক্রম আফগানিস্তানের বাইরেও ছড়িয়ে পড়েছে। তারা ২০২৪ সালে মস্কোর একটি কনসার্ট হলে হামলার দায় স্বীকার করেছিল, যেখানে পাঁচ শিশুসহ ১৪০ জনের বেশি নিহত এবং ৫৫০ জনের বেশি আহত হয়। এ বছর সিএসটিও রাষ্ট্রগুলো ১,৩৪৪ কিলোমিটার দীর্ঘ আফগান-তাজিক সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। সুলেমানভ জানান, এ কারণেই রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতিকে গুরুত্বের সাথে নিচ্ছে।