মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা থেকে

মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল

ফন্ট সাইজ:

দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক পরিবারের কেন্দ্রবিন্দুতে থেকেও ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন সোনিয়া গান্ধী। ভালোবাসা, অসাধারণ সুযোগ-সুবিধা, মর্মান্তিক শোক এবং জনসাধারণের প্রত্যাশার ভার। এসবের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার জীবন। হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত তার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে অন্যদের তৈরি করা নানা বয়ানের আড়াল থেকে বেরিয়ে নিজের গল্প তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার প্রকাশ হয়েছে বইটি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বইটির এক বিশেষ অংশে সোনিয়া গান্ধী লিখেছেন, কীভাবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দলের আহ্বান প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন তিনি এবং শেষ পর্যন্ত কীভাবে নিজের সিদ্ধান্তে অটল থাকার পথ বেছে নিয়েছিলেন।


তিনি স্মৃতিকথায় লিখেছেন, নির্বাচনের কয়েক মাস আগে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে আমার সন্তানদের সঙ্গে আলোচনা হয়। তাদের একজন সরাসরি আমাকে জিজ্ঞেস করে, আমাদের দল যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে আমি প্রধানমন্ত্রী হতে রাজি হব কি না। আমি প্রায় ক্ষুব্ধ হয়েই বলেছিলাম, ‘কোনোভাবেই না!’
তারা আবার জানতে চেয়েছিল, ‘তুমি কি নিশ্চিত?’
আমি জোর দিয়ে বলেছিলাম, ‘এ বিষয়ে আমার সিদ্ধান্ত একেবারে পরিষ্কার।’

রাহুল কিংবা প্রিয়াঙ্কা- কেউই মনে করত না যে আমার প্রধানমন্ত্রী হওয়া উচিত। তাদের দাদি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং পিতা রাজীব গান্ধীর নৃশংস হত্যার ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাদের। তাদের কাছে প্রধানমন্ত্রীর পদটির সঙ্গে বাড়তি নিরাপত্তাঝুঁকি ও বিপদের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আমার উত্তর শুনে তাদের স্বস্তি ফিরেছিল। আর আমিও প্রথমবারের মতো বিষয়টি নিয়ে নিজের অবস্থান প্রকাশ্যে বলার পর হালকা বোধ করেছিলাম। সেখানেই আলোচনার ইতি ঘটে। এ বিষয়ে আর কারও সঙ্গে কথা বলিনি।

নির্বাচনের পুরো সময়জুড়ে প্রকাশ্যে যখনই আমাকে এ প্রশ্ন করা হয়েছে, আমি এড়িয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছি। তখন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছিল। প্রতিপক্ষের মোকাবিলা করতে দলকে ঐক্যবদ্ধ রাখা ছিল আমার দায়িত্ব। দলের সম্ভাব্য নেতৃত্বপ্রত্যাশীদের মধ্যে কোনো ধরনের ক্ষমতার লড়াই শুরু হওয়ার সুযোগ দেয়া সম্ভব ছিল না। নিজের মতামত দৃঢ়ভাবে নিজের মধ্যেই রেখেছিলাম। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সহকর্মীদের কাছেও তা প্রকাশ করিনি। আমার মনে হতো, অতীতের কংগ্রেস সরকারগুলোর উত্তরাধিকার এগিয়ে নেয়ার জন্য এমন একজনকে দায়িত্ব নিতে হবে, যার সরকার পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং যার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই।

বহু বছর আগে, যে যাত্রা আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, তার প্রথম পদক্ষেপ নেয়ার সময়ই আমি মনে মনে জানতাম, আমার স্বামী ও শাশুড়ি আমার কাছে কী প্রত্যাশা করতেন। তাদের প্রতি এবং সারা জীবন তারা যে আদর্শের জন্য লড়াই করেছেন, তার প্রতি আমার ভেতরে এক ধরনের দায়িত্ববোধ কাজ করেছিল। কিন্তু এবার আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। নিজের অস্থির মনের ভেতরেই আমাকে উত্তর খুঁজতে হচ্ছিল। আমার এক অংশ পুরোপুরি এই ধারণা প্রত্যাখ্যান করছিল। অন্য অংশটি দায়িত্ববোধের কথা মনে করিয়ে দিচ্ছিল- আমার প্রত্যাখ্যানে দলের কর্মীরা আহত ও হতাশ হবেন, একই সঙ্গে যেসব মানুষ আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতিও আমার দায় রয়েছে। আমার আবেগ মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছিল। এক মিনিটে সিদ্ধান্ত পরিষ্কার মনে হচ্ছিল, পরক্ষণেই দ্বিধায় পড়ে যাচ্ছিলাম।

জোটের নেতাদের সঙ্গে একটি বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছিল। পরদিন বিকেলে তারা আমার বাড়িতে আসবেন। আমার সহকর্মীদের তারা আশ্বাস দিয়েছিলেন, ‘আমরা তাকে রাজি করাব।’ পেছনে ফিরে তাকালে সেই মুহূর্তগুলোকে আমার কাছে ধীরগতিতে চলা কোনো চলচ্চিত্রের দৃশ্যের মতো মনে হয়। আমার বাড়ির একেবারে শেষ প্রান্তে রাজীবের সম্মেলনকক্ষে জোটের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক চলছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা পালাক্রমে কথা বলছেন। আমাকে তাদের প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করছেন। আমি নীরবে শুনছি।
আলোচনা শেষ হলে তারা আমার দিকে তাকালেন, আমার উত্তর জানার অপেক্ষায়। যথাসম্ভব সাহস সঞ্চয় করে আমি নিজের কথা বললাম। এরপর তাদের মধ্যে হইচই শুরু হয়ে গেল। তারা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমিও দাঁড়ালাম। তারা আমাকে ঘিরে ধরলেন।
একজন বললেন, ‘আমরা এটা মেনে নেব না।’
আরেকজন বললেন, ‘ম্যাডাম, আপনি এ সিদ্ধান্ত নিতে পারেন না।’
তাদের কণ্ঠ ছিল জোরালো, প্রায় আক্রমণাত্মক। তারা বললেন, ‘আপনার না-কে আমরা না হিসেবে মেনে নেব না।’
আমি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, তাদের সামনে আমি অসহায়। প্রায় অস্ফুট স্বরে বললাম, ‘ঠিক আছে।’
আমার কথা শেষ হওয়ারও অপেক্ষা করলেন না নেতারা। একে একে তারা আমাকে অভিনন্দন জানাতে শুরু করলেন। কেউ একজন বললেন, ‘তিনি রাজি হয়েছেন, তিনি রাজি হয়েছেন।’
আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আর কিছু বলার শক্তি ছিল না। নেতারা সন্তুষ্ট মনে চলে গেলেন।
এরপর রাহুল ক্ষুব্ধ কণ্ঠে জানতে চাইল, ‘তুমি হ্যাঁ বলেছ?’
আমি বললাম, ‘ওরা আমার কথা শুনছিল না। তুমি তো জানো, আমি এটা চাই না। ওরা আমার ওপর চাপ সৃষ্টি করছিল।’
রাহুল পাল্টা প্রশ্ন করল, ‘চাপ সৃষ্টি করছিল? তোমার ওপর চাপ দেয়া হচ্ছে? আমাদের কী হবে?’
কথাগুলো বলেই সে রাগে ঘর থেকে বেরিয়ে গেল। তার মুখে তখন ক্ষোভ স্পষ্ট।
প্রিয়াঙ্কা বলল, ‘দেখো মা, এ বিষয়ে তুমি সব সময়ই পরিষ্কার ছিলে। কাউকে তোমাকে বাধ্য করতে দিয়ো না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছ, সেটাই করো। এটা সামলাতে আমরা দু’জনই তোমার পাশে আছি।’
প্রিয়াঙ্কার চোখ লাল হয়ে উঠেছিল। আমারও কান্না পাচ্ছিল। আমি কী করে ফেললাম? শোবার ঘরের দরজার কাছে করিডোরের আবছা আলোয় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল, কোনো অন্ধকার বিপদ যেন আমাদের দিকে ধেয়ে আসছে।
আমার ভেতরের এক প্রবল অনুভূতি বারবার সতর্ক করছিল- আমার এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে। শুধু আমার দলের ওপর নয়, ভারতের ওপরও। আমাদের প্রয়োজন ছিল দৃঢ় ও দক্ষ নেতৃত্বের সরকার, যে সরকার ভারতকে বিভাজনের রাজনীতি থেকে দূরে সরিয়ে নিতে পারবে। অন্য যেকোনো কিছুর চেয়ে আমাদের বেশি প্রয়োজন ছিল উন্নয়ন ও অগ্রগতি।

রাজনীতিতে আমার প্রবেশের পেছনে একটি বিশ্বাস কাজ করেছিল। তা হলো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং তাদের অসংখ্য উগ্রপন্থী শাখার প্রভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত উসকে দেবে এবং সংবিধানকে দুর্বল করে দেবে।
আমি ভালো করেই জানতাম, এখন বিজেপি যে প্রচার চালাচ্ছে এবং নির্বাচনী প্রচারণার সময় যে অপপ্রচার ছড়িয়েছে, আমি প্রধানমন্ত্রী হলে তা থেমে যাবে না। বিজেপি ও তাদের মিত্ররা নিশ্চিতভাবেই আমার ‘বিদেশি জন্মপরিচয়’কে ইস্যু করবে। মানুষের আবেগ উসকে দিয়ে এমন বিশৃঙ্খলা তৈরি করবে, যা অতীতের অর্জন কিংবা ভবিষ্যতের সম্ভাবনাসহ সব ভালো কিছুকে গ্রাস করবে।
আমি কীভাবে প্রধানমন্ত্রী হওয়ার দায়িত্ব গ্রহণ করতে পারি, যদি জানি এতে আমার দেশের ক্ষতি হতে পারে? যে দেশকে আমি ভালোবাসি, তার ক্ষতি হতে পারে? না, কখনোই নয়!
রাত প্রায় শেষ হয়ে আসছিল। দীর্ঘ সময় ধরে নিজের ভেতরে জমে থাকা চিন্তা ও অনুভূতির ভার নামানোর চেষ্টা করছিলাম। প্রিয়াঙ্কা ও রবার্ট তাদের বাড়িতে ফিরে গেল। সুমন ও মঞ্জু অতিথিকক্ষে ঘুমাতে গেল। রাহুল ছিল নিজের ঘরে।
কয়েক ঘণ্টা পর ঘুম থেকে উঠে সোজা ছেলের ঘরের সামনে গেলাম। দরজায় কড়া নাড়লাম।
তাকে বললাম, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নিজের অবস্থানেই অটল থাকব।’
রাহুল আমার কাছে এগিয়ে এল। আমাকে জড়িয়ে ধরে বলল, ‘এটাই সঠিক সিদ্ধান্ত।’
নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম আমার মনে শান্তি ফিরে এসেছিল। এখন আর কেউ আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না।
এরপর আমি কংগ্রেসের সংসদীয় দলের সভাকক্ষে প্রবেশ করলাম। চারদিকে তখন প্রবল করতালি। সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে সামনের কাঠের ডেস্কে হাত দিয়ে শব্দ করতে করতে আমাকে অভ্যর্থনা জানাচ্ছিলেন।
দলের নেতাদের জন্য রাখা লম্বা টেবিলের মাঝখানে আমার আসন ছিল। সবাইকে বসার ইঙ্গিত না দেয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে রইলাম। এরপর আমরা সবাই আসনে বসলাম।
একজন নেতা আবারও আমাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের অনুরোধ জানিয়ে একটি বক্তব্য পড়ে শোনালেন। আমি হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, বৈঠকটি নিয়ে আমার কল্পনা ছিল অন্য রকম। ভেবেছিলাম, আমি শুধু নিজের বক্তব্য পড়ে শোনাব এবং ড. মনমোহন সিংয়ের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করব।
কিন্তু এখন দেখছি, আমার সংসদীয় সহকর্মীদের মাথার ওপর দিয়ে একের পর এক বক্তৃতা আসছে। প্রত্যেকেই আগের বক্তার চেয়ে বেশি আবেগ ও জোর দিয়ে আমাকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন।
তাদের আবেগ আমাকে স্পর্শ করেছিল। কিন্তু গত কয়েক দিনের চিন্তাভাবনা আমাকে প্রয়োজনীয় স্পষ্টতা এনে দিয়েছে। আমি জানতাম, যে সিদ্ধান্ত নিয়েছি, সেটি আমার নিজের সিদ্ধান্ত। এর দায়ও আমি নিজেই নিয়েছি।
আমাকে বক্তৃতামঞ্চে ডাকা হলো। আমি উঠে সেখানে যাওয়ার জন্য এগিয়ে যেতেই পুরো সভাকক্ষে আবার করতালি শুরু হলো। সবাই দাঁড়িয়ে গেলেন। আমি কাগজ বের করে চশমা পরলাম। এরপর পুরো কক্ষে নেমে এল অদ্ভুত নীরবতা। বৈদ্যুতিক পাখার শব্দের মধ্যেও নিজের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সামনের সারিতে বসা সন্তানদের দিকে তাকালাম। প্রিয়াঙ্কার সঙ্গে চোখাচোখি হলো। সে আশ্বস্ত করার মতো করে হাসল।
আমি বক্তব্য পড়তে শুরু করলাম। ‘রাজনীতিতে আসার পর গত ছয় বছরে একটি বিষয় আমার কাছে সব সময় পরিষ্কার ছিল। আমি প্রায়ই বলেছি, প্রধানমন্ত্রীর পদ আমার লক্ষ্য নয়। আজ আমি যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, এমন পরিস্থিতি যদি কখনো তৈরি হয়, তাহলে নিজের বিবেকের কথা শুনব- এ বিষয়ে আমি সব সময় নিশ্চিত ছিলাম। আজ আমার বিবেক আমাকে বলছে, বিনয়ের সঙ্গে এই পদ প্রত্যাখ্যান করতে হবে।’
কথাগুলো উচ্চারণ করতেই সভাকক্ষে তুমুল হট্টগোল শুরু হলো। সহকর্মীরা আসন ছেড়ে উঠে বক্তৃতামঞ্চ ঘিরে ফেললেন। কেউ চিৎকার করে বলতে লাগলেন, ‘না, না, না!’ কেউ আবার হাত নেড়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।
দেখলাম, আমার এক সহকর্মী কাঁদতে শুরু করেছেন। তার পর আরেকজনের চোখেও পানি চলে এল। আমি মাঝপথে বক্তব্য থামিয়ে দিলাম। মনে হচ্ছিল, অজ্ঞান হয়ে যাব। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মঞ্চ থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু চারদিকে মানুষ ঘিরে থাকায় আরও বিচলিত হয়ে পড়ছিলাম।
একজন সহকর্মী আমার হাত ধরে আমাকে সভাকক্ষের বাইরে নিয়ে গেলেন, যাতে কিছুটা স্বস্তি পাই। আমার সন্তানরাও আমার পেছনে বেরিয়ে এল। কয়েক মুহূর্ত তারা আমার পাশে দাঁড়িয়ে রইল। এরপর আমি আবার সভাকক্ষে ফিরে গেলাম।
বক্তৃতামঞ্চে উঠে আবার বক্তব্য শুরু করলাম।
‘আপনারা সর্বসম্মতিক্রমে আমাকে আপনাদের নেতা নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে আপনারা আমার ওপর আস্থা রেখেছেন। আপনাদের এই আস্থাই আমাকে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রচণ্ড চাপের মধ্যে ফেলেছে। তবু এত দিন ধরে যেসব নীতি আমাকে পথ দেখিয়েছে, সেগুলোর প্রতি আমাকে অবশ্যই অনুগত থাকতে হবে। ক্ষমতা নিজে কখনো আমাকে আকৃষ্ট করেনি। কোনো পদও আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য সব সময়ই ছিল আমাদের দেশের ধর্মনিরপেক্ষ ভিত্তি এবং দেশের দরিদ্র মানুষদের রক্ষা করা। ইন্দিরাজি ও রাজীবজির কাছে যে আদর্শ ছিল পবিত্র। আমরা এই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়ে গিয়েছি। আমরা একটি সফল লড়াই করেছি। কিন্তু যুদ্ধ এখনো জিতিনি। এটি দীর্ঘ ও কঠিন সংগ্রাম। আমি পূর্ণ দৃঢ়তার সঙ্গে সেই লড়াই চালিয়ে যাব। তবে আমার দৃঢ় বিশ্বাসের শক্তি অনুধাবন করার জন্য আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি। আমার সিদ্ধান্ত মেনে নিতে এবং আমি যে এটি পরিবর্তন করব না, তা স্বীকার করতে আপনাদের অনুরোধ করছি। এই সংকটময় সময়ে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ভারতকে একটি শক্তিশালী ও স্থিতিশীল ধর্মনিরপেক্ষ সরকার উপহার দেওয়া।

বন্ধুরা, আপনারা আমাকে উদারভাবে সমর্থন দিয়েছেন। সব প্রতিকূলতার মধ্যেও আমার সঙ্গে লড়াই করেছেন। আপনাদেরই একজন এবং কংগ্রেস দলের সভাপতি হিসেবে আমি অঙ্গীকার করছি, আপনাদের সঙ্গে এবং দেশের জন্য কাজ করে যাব। আমাদের নীতি, দৃষ্টিভঙ্গি ও আদর্শের জন্য লড়াই করার সংকল্প বরং আরও দৃঢ় হবে।’
এবার তারা তুলনামূলক শান্তভাবে আমার কথা শুনছিলেন। যদিও কেউ কেউ তখনো প্রতিবাদ জানাচ্ছিলেন।
আমি সংসদ সদস্যদের অনুরোধ করলাম, যেন আমাকে আমার উত্তরসূরির নাম ঘোষণার সুযোগ দেয়া হয়। তারা সম্মতি জানালে আমি ড. মনমোহন সিংয়ের নাম ঘোষণা করলাম। কংগ্রেস সংসদীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালাম এবং ড. সিংকে দলের নেতা মনোনীত করা হলো।
আবারও সভাকক্ষে করতালির ঝড় উঠল। সবাই দাঁড়িয়ে গেলেন। কেউ স্লোগান দিতে লাগলেন, কারও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল।
আমার সন্তানরাও দাঁড়িয়ে গেল। লক্ষ্য করলাম, তারাও হাততালি দিচ্ছে। বক্তৃতামঞ্চ থেকে নিজের কাগজপত্র গুছিয়ে নিয়ে আমি সেখান থেকে চলে এলাম। অবশেষে সেই কঠিন পরিস্থিতির অবসান হলো।