নেত্রকোনায় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে অগ্নিসংযোগ

নেত্রকোনায় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়েছে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি সিট পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভান। পরে নির্দিষ্ট সময়ে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫ টার দিকে মোহনগঞ্জ স্টেশনে প্রবেশ করে। ট্রেন থামার পর যাত্রীরা থেকে নেমে গেলে ট্রেনের গার্ড-কর্মীরাও বিশ্রাম ও খাবার খেতে যান। ওই সময় ট্রেনে লোকজন না থাকার সুযোগে একটি বগিতে আগুন দেয়।
স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেয়। বগির চারটি সিট পুড়ে গেছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে আগুন দিয়েছে। এতে একটি বগির চারটি সিট পুড়ে গেছে। আগুনের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’